সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জো লেভি। নয় বছর ধরে সফোসের সঙ্গে যুক্ত আছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি সফোসের অস্থায়ী সিইও হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
মিডমার্কেট সেক্টরে সফোসের গ্রাহক বৃদ্ধি করাই নতুন সিইও লেভির অন্যতম পরিকল্পনা বলে জানা গেছে। বর্তমানে এ সেক্টরে প্রায় ছয় লাখ গ্রাহক রয়েছে এবং বার্ষিক আয় ১২০ কোটি ডলারের বেশি।
অন্যদিকে ছোট প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন লেভি। বিশেষ করে যে সেক্টরগুলোয় সাইবার হামলার ঝুঁকি রয়েছে সেগুলোতে তিনি নজর দিতে চান। ম্যানেজড সিকিউরিটি প্রভাইডার (এমএসপি) বা পরিচালিত নিরাপত্তা প্রদানকারী ও চ্যানেল পার্টনারদের সঙ্গে এ ঝুঁকিগুলো শনাক্তকরণ এবং সাইবার হামলা মোকাবেলা করার ওপরও গুরুত্ব দিচ্ছেন জো লেভি।
জো লেভি সফোসে প্রধানত পরিষেবা ও উদ্ভাবন খাত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সফোসের ইনসিডেন্ট রেসপন্স টিম ও ম্যানেজড ডিটেকশন রেসপন্স (এমডিআর) পরিষেবা তিনি চালু করেছিলেন, যা এখন বিশ্বজুড়ে ২১ হাজারেরও বেশি প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা দিচ্ছে।










