প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ ছিল ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকালে বিভ্রাট দেখা দেয়ার প্রায় ৩০ মিনিট পর ত্রুটিটি ঠিক করা হয়। পরিষেবা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে এআই গবেষণা সংস্থাটি। খবর রয়টার্স।
ওপেনএআই জানিয়েছে, বিকাল সাড়ে ৪টার দিকে বেশির ভাগ ব্যবহারকারীই চ্যাটজিপিটির অ্যাকসেস ফিরে পান। তবে বিকাল ৫টা পর্যন্তও অল্পসংখ্যক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন। এ বিষয় কোম্পানির সিইও স্যাম অল্টম্যান এক্সের পোস্টে জানান, চ্যাটজিপিটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল। যদিও এখন পর্যন্ত পরিষেবাটি ভালোভাবে নির্ভরযোগ্যতা বজায় রাখতে পেরেছে, তবে আরো কিছু পরিমার্জনের প্রয়োজন। বিভ্রাটসংক্রান্ত তথ্য ট্র্যাক করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরডটকম জানিয়েছে, আধঘণ্টা স্থায়ী হওয়া এ বিভ্রাটের কারণে প্রায় ১৯ হাজার ৪০৩ জন ব্যবহারকারী প্রভাবিত হয়েছেন।
২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর থেকে চ্যাটজিপিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাপ্তাহিক ২৫ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্লাটফর্মটিতে। এছাড়া কোম্পানিটির মূল্য ২০২১ সালে ১ হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে বর্তমানে ১৫ হাজার ৭০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।










