মেট ৭০ সিরিজ উন্মোচন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। মঙ্গলবার উন্মোচন হওয়া ফ্ল্যাগশিপ সিরিজটির ফোনে প্রথমবারের মতো চলবে প্রতিষ্ঠানটির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমনিওএস নেক্সট’। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়েকে গুগলের অ্যান্ড্রয়েড পরিষেবায় নির্ভর করতে হবে না এবং নতুন অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে না। পাশাপাশি মেট ৭০ সিরিজে যুক্তরাষ্ট্রের তৈরি কোনো ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হবে না। খবর দ্য ভার্জ।

মেট ৭০ সিরিজ লাইনআপে থাকছে মেট ৭০, মেট ৭০ প্রো, মেট ৭০ প্রো প্লাস ও মেট ৭০ আরএস মডেলের ফোন। অপারেটিং সিস্টেমের ভিত্তিতে এসব মডেল থেকে গ্রাহকরা দুটি ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন। একটিতে চলবে হারমনিওএসের ৪.৩ সংস্করণ, যার প্রাথমিক সংস্করণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে উন্মুক্ত হয়েছিল। এতে অ্যান্ড্রয়েডের বিস্তৃত অ্যাপ লাইব্রেরি ব্যবহার করা যাবে। অন্যটিতে চলবে অ্যান্ড্রয়েড পরিষেবামুক্ত নতুন হারমনিওএস নেক্সট।

হুয়াওয়ে জানিয়েছে, তারা হারমনিওএস ইকোসিস্টেমের জন্য ১৫ হাজারেরও বেশি অ্যাপ বানিয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এ সংখ্যা এক লাখ পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে যেসব ফোন ও ট্যাবলেট উন্মুক্ত করা হবে সেগুলোয় চলবে হারমনিওএস নেক্সট।

গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে মেট ৭০ সিরিজের বেজ মডেলে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশরেটের ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। টাইপ-সি কেবলের সাহায্যে ৫ হাজার ৩০০ এমএএইচের (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি ৬৬ ওয়াটে ফাস্ট চার্জ করা যাবে। ফোনটি ৫০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সমর্থন করে।

৫০ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনযুক্ত (ওআইএস) লেন্স, ১২ মেগাপিক্সেলের ওআইএসযুক্ত টেলিফটো পেরিস্কোপ লেন্স ও ৪০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সে সাজানো হয়েছে মেইন ক্যামেরা। ফ্রন্টে থাকছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের মধ্য দিয়ে সিরিজটির দাম শুরু ৫ হাজার ৪৯৯ ইউয়ানে (প্রায় ৭৬০ ডলার)।

মেট ৭০ প্রো মডেলে বেশকিছু উন্নত সুবিধা থাকবে। সেগুলো হলো ওয়াই-ফাই সেভেন, স্যাটেলাইট যোগাযোগ, আরো ফাস্ট চার্জিং সমর্থন, বড় ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও এআইযুক্ত ফটোগ্রাফি ফিচার। মডেলটির দাম শুরু ৬ হাজার ৪৯৯ ইউয়ান (প্রায় ৮৯৮ ডলার) থেকে। অন্যদিকে মেট ৭০ আরএস মডেল টাইটানিয়ামের মতো দামি ম্যাটেরিয়ালে তৈরি, যার দাম শুরু ১১ হাজার ৯৯৯ ইউয়ান (প্রায় ১ হাজার ৬৫৭ ডলার) থেকে।