অ্যাকশন-অ্যাডভেঞ্জার গেম কল অব ডিউটির নির্মাতা অ্যাক্টিভিশন গত অক্টোবরে কোম্পানির অ্যান্টি-চিট সিস্টেমের একটি বাগ বা ত্রুটি ঠিক করার কথা জানায়। বাগটি অল্পকিছু বৈধ খেলোয়াড়কে ভুলবশত ব্যান করেছিল। তবে বাগটি খুঁজে পাওয়া ও এটিকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন ভিজোর নামে এক হ্যাকার। এর মাধ্যমে চিটার হিসেবে চিহ্নিত করে হাজার হাজার কল অব ডিউটি খেলোয়াড়কে ব্যান করতে সক্ষম হয়েছেন তিনি। খবর টেকক্রাঞ্চ।

এ বিষয় ভিজোর বলেন, ‘আমি এ কাজ বছরের পর বছর করতে পারতাম। যতক্ষণ আমি বিখ্যাত ব্যক্তি বা সুপরিচিত গেমারদের টার্গেট না করে শুধু সাধারণ খেলোয়াড়দের টার্গেট করতাম, এটি কেউ খেয়ালই করত না।’ ভিজোর বেশ আনন্দের সঙ্গেই বাগটির ‘অপব্যবহার’ করেছেন বলে জানান।

টেকক্রাঞ্চকে ভিজোরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এক চিট ডেভেলপার জেবলার। নামটি কল অব ডিউটি হ্যাকিংয়ের জগতে বেশ পরিচিত। জেবলার জানান, তিনি কয়েক মাস ধরে ভিজোরের সঙ্গে যোগাযোগে ছিলেন এবং তিনি জানতেন যে ভিজোর বাগটি ব্যবহার করছিলেন।

বেশ কয়েক বছর ধরে হ্যাকাররা অনলাইন ভিডিও গেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের জন্য অনৈতিক সুবিধা তৈরি করছে। কিছু চিট ডেভেলপার, যেমন জেবলার তাদের চিট প্রোগ্রাম বিক্রি করে কোটি কোটি ডলার আয় করছে। এর প্রতিক্রিয়ায় গেম কোম্পানিগুলো শক্তিশালী অ্যান্টি-চিট সিস্টেম তৈরি করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ করছে। অ্যাক্টিভিশন ২০২১ সালে তাদের অ্যান্টি-চিট সিস্টেম চালু করে। সফটওয়্যারটি অনলাইন ভিডিও গেমে চিটিং শনাক্ত ও প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। ভিজোরের দাবি, তারা এ অ্যান্টি-চিট সিস্টেমে দুর্বলতা খুঁজে পায়, যা এ সিস্টেমে খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম করেছে।