সোশ্যাল নেটওয়ার্কিং স্টার্টআপ ব্লুস্কাইয়ের ব্যবহারকারী দেড় কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর এক সপ্তাহে ১০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে প্লাটফর্মটিতে। একাধিক প্রতিবেদন বলছে, এক্স ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ছাড়ার সঙ্গে ব্লুস্কাইয়ের ব্যবহারকারীও বাড়ছে। যদিও অ্যাপটি এখনো এক্সের বিকল্প হিসেবে ছোট একটি প্লাটফর্ম, তবে এটি সময়ের সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খবর এনগ্যাজেট।

ব্যবহারকারীর দিক থেকে ব্লুস্কাই মেটা মালিকানাধীন থ্রেডসের চেয়েও অনেক ছোট। মেটার প্লাটফর্মটিতে বর্তমানে সাড়ে ২৭ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে থ্রেডসকে ব্লুস্কাইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। সম্প্রতি ‘ব্লুস্কাই’ শব্দটি থ্রেডসের ট্রেন্ডিং টপিক রয়েছে। থ্রেডসের ইনঅ্যাপ সার্চেও দেখা যায়, এ বিষয়ে ১৯ হাজারের বেশি পোস্ট রয়েছে। এছাড়া ব্লুস্কাই নিজেও কয়েক সপ্তাহ ধরে মেটা মালিকানাধীন এ প্লাটফর্মে পোস্ট করছে। অনেকেই ধারণা করছেন, থ্রেডস ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই এ উদ্যেগ। এদিকে ব্লুস্কাইয়ের এ প্রচেষ্টা সফল হিসেবে দেখছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট। ওয়েবসাইটটির গত মাসের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় পরিষেবাটির ব্যবহারকারী সংখ্যা ছিল ৯০ লাখের কিছু কম। এখন এর মোবাইল অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে রয়েছে। এরপর আছে থ্রেডস ও চ্যাটজিপিটি। এনগ্যাজেটের ধারণা, চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলোন মাস্ক ও এক্সের প্রতি হতাশার কারণে ব্লুস্কাইয়ে ঝুঁকছেন ব্যবহারকারী।

ওয়েব অ্যানালিটিকস কোম্পানি সিমিলার ওয়েবের একটি সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৫ হাজারের বেশি ব্যবহারকারী তাদের এক্স অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। এটি ছিল এক দিনে সবচেয়ে বেশি এক্স অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের সংখ্যা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নির্বাচনের আগে ও পরে ব্লুস্কাইয়ের ওয়েব ট্রাফিক (ওয়েবসাইটে ভিজিটরদের সংখ্যা ও তাদের কর্মকাণ্ড) ও দৈনিক সক্রিয় ব্যবহারকারী বেড়েছে। কিছু সময়ের জন্য ব্লুস্কাইয়ের ওয়েব ট্রাফিক থ্রেডসের থেকেও বেশি ছিল। তবে মোবাইলে থ্রেডস ব্যবহারের পরিমাণ এখনো ব্লুস্কাইয়ের চেয়ে অনেক বেশি।