ব্যবহারকারীর জন্য নতুন সব ফিচার নিয়ে কাজ অব্যাহত রেখেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছেন। এটি ভিডিও কল করার সময় ব্যবহারকারীকে স্ক্রিন শেয়ারের সুবিধা দেবে। খবর গিজমোচায়না।
ভিডিও কলে স্ক্রিনের সঙ্গে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা ডকুমেন্ট, ছবি এমনকি অনলাইন কেনাকাটার তালিকাও শেয়ার করতে পারবে। মূলত সেলফোনের ডিসপ্লেতে যা থাকবে তাই শেয়ার করা যাবে। ভিডিও কলে থাকার সময় শেয়ার বাটন চেপে ধরার মাধ্যমে ফিচারটিতে প্রবেশ করা যাবে বলে সূত্রে জানা গেছে। এরপর ডিসপ্লের পুরো অংশ বা শুধু নির্দিষ্ট অ্যাপ শেয়ার নির্বাচনের অপশন ব্যবহারকারীর সামনে আসবে। এটি অনেকটা ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুম ও গুগল মিটের মতো।
একবার স্ক্রিন শেয়ার হয়ে গেলে ডিসপ্লেতে থাকা সবকিছু রেকর্ড হয়ে যাবে এবং অন্য পাশে থাকা ব্যবহারকারীর কাছে চলে যাবে। যেকোনো সময় চাইলে স্ক্রিন শেয়ারিং বন্ধ করা যাবে।










