এক বছর ধরে প্রযুক্তি কোম্পানিগুলো তাদের সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল যুক্ত করছে। ফলে জেনারেটিভ এআই ব্যবহার করে ছবি ও ভিডিও পরিবর্তন করা আরো সহজ হয়ে উঠছে। তাই এসব কোম্পানি নতুন নীতি তৈরি করছে, যেন মানুষ বুঝতে পারে কোথায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। গুগল এ উদ্যোগে যোগ দেয়া সর্বশেষ কোম্পানি। খবর এনগ্যাজেট।
গুগল এর আগে ম্যাজিক এডিটরের মতো টুল চালু করার পর ও সেপ্টেম্বরে এর ভিডিও এডিটরে এআই ফিচার যোগ করার পর গুগল ফটোজ এখন এআই দিয়ে এডিট করা ছবি লেবেল করা শুরু করবে। গুগল এরই মধ্যে এআই সম্পাদিত ছবিগুলো মেটাডাটা দিয়ে ট্যাগ করছে। তবে এখন সম্পাদিত ছবিতে পরিবর্তনগুলো ব্যাখ্যা করে একটি স্পষ্ট বিবৃতি থাকবে।
কোম্পানিটি তার ব্লগ পোস্টে একটি উদাহরণ শেয়ার করেছে। যেখানে দেখা গেছে, ছবির বিস্তারিত তথ্যের স্ক্রিনের নিচে ‘এআই তথ্য’ শিরোনামের একটি বিভাগ থাকবে। এ অংশটি সেই এআই টুলের নাম উল্লেখ করবে, যা ছবিটি এডিট করতে ব্যবহার করা হয়েছে। গুগল বলছে, এ সুবিধা শিগগিরই তাদের গুগল ফটোজের অ্যাপ ও ওয়েব ভার্সনে দেখা যাবে।










