টেক্সাস লঞ্চ সাইট থেকে স্পেসএক্স আজ সন্ধ্যায় তার বিশাল স্টারশিপ রকেটের ১০ম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এই উইন্ডো লঞ্চ করা শুরু হবে। খবর এনগ্যাজেট।
আগের মতোই, এই ফ্লাইট পরীক্ষা স্পেসএক্সের ওয়েবসাইট ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে, যা লঞ্চের ৩০ মিনিট আগে শুরু হবে। তবে আবহাওয়া অনিশ্চিত থাকায় উৎক্ষেপণ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়, উৎক্ষেপণের জন্য আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা ৪৫ শতাংশ। যদি উৎক্ষেপণ স্থগিত করা হয়, তাহলে ২৫ ও ২৬ আগস্ট বিকল্প সুযোগ রয়েছে। এছাড়া স্টারশিপের ১০তম ফ্লাইটটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এবং ভারত মহাসাগরে একটি স্প্ল্যাশডাউনের মাধ্যমে শেষ হবে।
উল্লেখ্য, এই বছরের শুরুতে সপ্তম, অষ্টম ও নবম পরীক্ষামূলক উড্ডয়নে স্টারশিপ ব্যর্থ হয়েছিল। গত জুনে ছয়টি র্যাপ্টর ইঞ্জিনের স্ট্যাটিক ফায়ার পরীক্ষার প্রস্তুতির সময় স্টারশিপের একটি যান বিস্ফোরিত হয়। এসব ব্যর্থতা সত্ত্বেও স্পেসএক্সের প্রকৌশলীরা হাল ছাড়েননি। বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে প্রস্তুত হয়েছেন।










