অনুসারীদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে নির্মাতাদের জন্য ফিচার চালু করেছে প্যাট্রিয়ন। এটি অনেকটা ডিসকর্ডের গ্রুপ চ্যাটের মতো। এ কমিউনিটি চ্যাট কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অনুসারীদের যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে এবং কমেন্টের বাইরের অনুসারীরা আলাদাভাবে কথা বলতে পারবে। খবর এনগ্যাজেট।
ফিচারটির আওতায় নির্মাতারা একই সঙ্গে চারটি কথোপকথন পরিচালনা করতে পারবেন। কথোপকথনের মধ্যে কাউকে ব্যান করার জন্য নির্দিষ্ট টুলসেটও থাকবে। বর্তমানে শুধু সেলফোন অ্যাপের জন্য গ্রুপ চ্যাট ফিচারটি চালু করা হচ্ছে। এক বিবৃতিতে কোম্পানি জানায়, ডেস্কটপের জন্য আলাদা ভার্সন তৈরিতেও কাজ চলছে। ফিচারটি যে ডিসকর্ডের অনুরূপ সেটি স্বীকার করেছে প্যাট্রিয়ন।
প্যাট্রিয়ন জানায়, ডিসকর্ডের বিকল্প হিসেবে পরিচিতি পাওয়ার জন্য এ টুল তৈরি করা হয়নি। নির্মাতারা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইন্টিগ্রেটেড অভিজ্ঞতা পাবেন। অন্য অর্থে ব্যবহারকারীরা কথোপকথনের পদ্ধতি নির্বাচন করতে পারবে। পছন্দের নির্মাতার গ্রুপ চ্যাটে শুধু যে বিদ্যমান কনটেন্ট নিয়ে আলোচনা করতে হবে তা নয়। অনুসারীরা চাইলে ছবি, ইমোজিও শেয়ার করতে পারবে।










