ফোল্ডেবল ডিভাইসে গেমিং অভিজ্ঞতার উন্নয়নে গেম ডেভেলপার কোম্পানি গেমলফটের সঙ্গে চুক্তি করেছে প্রযুক্তি কোম্পানি অনর। মূলত পোরশে ডিজাইন অনর ম্যাজিক ভি২ আরএসআরের গেমিং অভিজ্ঞতার উন্নয়নে কোম্পানি দুটি কাজ করবে। খবর গিজমোচায়না।
দুটি কোম্পানির মধ্যকার এ চুক্তির মাধ্যমে ফোল্ডেবল ডিভাইসটির জন্য রেসিং গেম অ্যাসফাল্ট ৯: লিজেন্ডসের একটি অপটিমাইজ ভার্সনও চালু করা হয়েছে। মূলত ম্যাজিক ভি২ আরএসআরের বিস্তৃত ডিসপ্লের জন্য এটি তৈরি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। আরো ভালোভাবে বলতে গেলে প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে গেম খেলার ক্ষেত্রে এটি অন্যতম সংযোজন।
ফোল্ডেবল ডিভাইসের ইকোসিস্টেমে পরিবর্তন আনার অংশ হিসেবে দুই কোম্পানির মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। অনরের পণ্য উৎপাদন বিভাগের প্রেসিডেন্ট ফেই ফ্যাং বলেন, ‘পোরশে ডিজাইন অনর ম্যাজিক ভি২ আরএসআরের জন্য অ্যাসফাল্ট ৯ গেমটির নতুন সংস্করণ আনা হয়েছে, যা ফোল্ডেবল ডিভাইসে গেমিং অভিজ্ঞতার উন্নয়নে আমাদের প্রচেষ্টার প্রতিচ্ছবি।’
গেমলফটের বৈশ্বিক বিজনেস ডেভেলপমেন্ট ওইএমের ভাইস প্রেসিডেন্ট হেনরি প্যানও একই কথা জানিয়েছেন। তিনি ফোল্ডেবল ডিভাইসকে একই সঙ্গে শক্তিশালী ও গেমিংয়ের জন্য উপযোগী করে তোলার বিষয়টিকে কঠিন বলেও জানিয়েছেন।










