ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটিকে ঘিরেই এগোচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তি বাজার। সে সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)। শুধু ছবি দেখা, গেম খেলা বা ভার্চুয়াল প্লাটফর্মে যোগাযোগের মধ্যে ভিআর সীমাবদ্ধ নেই। অন্যান্য খাতেও এর ব্যবহার ও পরিধি বাড়ছে। বিশেষ করে এ প্রযুক্তির সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনেও ব্যবহৃত হচ্ছে মেটার এ উদ্ভাবন। খবর সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর প্রথমবারের মতো শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি করেন ড. জেক শাইন। আর এ অপারেশনের আগে তিনি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পরিধান করে কক্ষে প্রবেশ করেন। ওহাইও কেটারিং হেলথ ডেটনের ভিআর ল্যাবে তিনি অবস্থান করছিলেন। এ অস্ত্রোপচারে যে দুজন ডাক্তার ছিলেন উভয়ই কোয়েস্ট ২ হেডসেট পরিধান করেছিলেন এবং থ্রিডি সিমুলেশনের মধ্যে ছিলেন। এ অস্ত্রোপচারকে রিভার্স টোটাল শোল্ডার আরথ্রোপ্লাস্টি বলা হয়। এটি সম্পন্ন করতে ২ ঘণ্টারও বেশি সময় লাগে। এটি খুবই সূক্ষ্ম কার্যক্রম। এটি সম্পাদনে চিকিৎসকদের সতর্কতার সঙ্গে নিউরোভাসকুলার কাঠামো ও শ্বাসযন্ত্রের মধ্যে কাজ করতে হয়।

সার্বিক কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হয়নি এবং রোগীও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তিনি। যদিও ভোক্তা পর্যায়ে ভিআর হেডসেট মেটার সিইও মার্ক জাকারবার্গের কাছে খুব একটা আকর্ষণীয় বিষয় না। পাশাপাশি এটি ব্যয়বহুলও। তবে স্বাস্থ্যসেবার বিভিন্ন অংশে এটি গুরুত্ব্পূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের কেটারিং হেলথ ডেটনসহ ১২টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভিআরসহ উদীয়মান প্রযুক্তি ব্যবহারে কাজ করছে।

চিকিৎসা খাতের জন্য এ প্রযুক্তির ব্যবহার আদৌ সাশ্রয়ী হবে কিনা সে প্রশ্ন উঠছেই। তবে প্রাথমিক পরীক্ষায় প্রাপ্ত তথ্যানুযায়ী, স্বাস্থ্যসেবায় ভিআর গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ২০১৪ সালে অকুলাস অধিগ্রহণের মাধ্যমে ভিআরের বাজারে প্রবেশ করে বর্তমান মেটা তথা ফেসবুক। এর তিন বছর পর প্রথম হেডসেট বাজারে আনে কোম্পানিটি।

গত বছরের শেষ থেকে মেটার রিয়ালিটি ল্যাবস ইউনিট ভিআর ও এআরের উন্নয়নে ২ হাজার ১০০ কোটি ডলার লোকসান গুনেছে। এদিকে ভিআরের বাজারে প্রবেশ করতে চাইছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এখন পর্যন্ত স্বাস্থ্যসেবায় প্রাথমিক ব্যবহারের অংশ হিসেবে ব্যথানাশে ভিআর ব্যবহার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের সেডারস সিনাইয়ের স্বাস্থ্যসেবা গবেষণা বিভাগের পরিচালক ডা. ব্রেনান স্পিগেল বলেন, ‘যখন আপনি ফ্যান্টাসটিক্যাল সাইবারডেলিক দুনিয়ায় থাকবেন তখন ব্যথা অনুসরণ করা সম্ভব নয়।’

স্পিগেল জানান, সিডারস-সিনাই শিগগিরই ভার্চুয়াল প্লাটফর্ম চালু করবে। যেখানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা গ্রহণে সহায়তা দেয়া হবে। মেটার এ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্সের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে এ বিভাগ ১৬০টির বেশি কেন্দ্রে রোগীদের চিকিৎসায় এক্সটেন্ডেড রিয়ালিটি ব্যবহার করছে।

স্বাস্থ্য খাতকে বাজার হিসেবে মেটা সেভাবে প্রাধান্য দেয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে কেস স্টাডি ও সার্জন প্রশিক্ষণ দেয়ার বিষয়ে ছোট ভিডিও প্রকাশ করেছে। এদিকে বিভিন্ন মেডিকেল স্কুল ও রেসিডেন্সি প্রোগ্রামে প্রযুক্তিটির ব্যবহার বাড়ছে। কেটারিং হেলথ ডেটনের অর্থোপেডিকস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ভিআর সিলেবাসে যুক্ত হয়েছে।

গুগল হালকা ওজনের এআর ডিভাইস তৈরি করেছিল। এতে থাকা স্বচ্ছ স্ক্রিনে কিছু তথ্য দেখা যেত। প্রথম দিকে ১ হাজার ৫০০ ডলারে এটি বিক্রি করা হয়। কিন্তু এতে থাকা বিল্ট-ইন ক্যামেরা নিয়ে সমালোচনা শুরু হওয়ায় বাজার হারায় ডিভাইসটি।