প্রযুক্তি জায়ান্টদের কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশ তদন্ত করছে, রয়েছে সতর্ক অবস্থানে। বিশেষ করে ব্যবহারকারীদের তথ্য প্রক্রিয়াজাতের বিষয়ে সবচেয়ে বেশি সমালোচনা চলমান। এর মধ্যে সম্প্রতি আরো একটি নতুন আইন পাস করেছেন ভারতের আইনপ্রণেতারা। খবর রয়টার্স।
নতুন এ আইনের মাধ্যমে কোম্পানিগুলো কীভাবে গ্রাহক বা ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়া করে থাকে সে বিষয়ে জবাবদিহিতা চাইবে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ওপর সরকারি নজরদারি আরো এক ধাপ বাড়ল। নতুন আইনের অধীনে কোম্পানিগুলো ব্যবহারকারীদের কিছু তথ্য বিদেশে পাঠাতে পারবে। সরকার সংস্থাগুলোর কাছ থেকে তথ্য চাইতে পারবে। এছাড়া ফেডারেল সরকার গঠিত তথ্য সুরক্ষা নিশ্চিতকরণ বোর্ডের সুপারিশের ভিত্তিতে যেকোনো কনটেন্ট বন্ধ করতে পারবে।
ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল ২০২৩ সরকারকে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আইন থেকে অব্যাহতি দেয়ার ক্ষমতা দেবে। এছাড়া ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য সংশোধন বা মুছে ফেলার সুবিধাও পাবেন। ২০১৯ সালে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় একটি বিল কার্যকর করেছিল ভারত। ফলে আন্তঃসীমান্ত তথ্য আদান-প্রদান বন্ধের মাধ্যমে ফেসবুক ও গুগলের ওপর চাপ তৈরি করা হয়েছিল। সম্প্রতি এটি প্রত্যাহার করে নেয়ার পরই নতুন আইন পাস হলো। আইন না মানলে ২৫০ কোটি রুপি বা ৩ কোটি ডলার জরিমানার বিধানও রাখা হয়েছে। তবে দেশটির বিরোধী আইনপ্রণেতা ও অধিকার সংরক্ষণ গ্রুপগুলো বিরোধিতা প্রকাশ করেছে।










