১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অফিস স্যুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ফলে বর্তমানে অফিস স্যুটে যে ফন্ট ব্যবহৃত হচ্ছে সেখানে পরিবর্তন আসবে। বর্তমানে স্যুটে ক্যালিব্রি ফন্ট ব্যবহৃত হয়, এর পরিবর্তে অ্যাপটস যুক্ত হবে। স্টিভ ম্যাটেসন এর ডিজাইন করেছেন। খবর গিজচায়না।
মিডিয়ামে দেয়া এক পোস্টে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডিজাইন বিভাগের প্রিন্সিপাল ম্যানেজার এসআই ড্যানিয়েলস জানান, ১৫ বছর ধরে ক্যালিব্রি অফিসের ডিফল্ট ফন্ট হিসেবে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল। কিন্তু এখন পরিবর্তনের সময় হয়েছে। ওয়ার্ড, আউটলুক, পাওয়ারপয়েন্ট ও এক্সেলের নতুন ফন্ট হবে অ্যাপটস।
অ্যাপটস মূলত সানস-সেরিফ ফন্ট। যে কারণে সেরিফের মতো লেখার বা শব্দের শেষে ছোট লাইন আসবে না। এ কারণে এ ফন্টের লেখা সহজে পড়া ও বোঝা যাবে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির। অক্ষরের আকারও আরো মসৃণ হয়েছে, ফলে যে কেউ কোনো সমস্যা ছাড়াই লেখা পড়তে পারবে। মাইক্রোসফটের মতে, অ্যাপটস হিউমানিস্ট সানস-সেরিফ ফন্ট। এটি আরো আধুনিক, গ্রহণযোগ্য ও পেশাদার ব্যবহারের জন্য উপযোগী।
অ্যাপটস ছাড়াও ট্রুটাইপ ও সেগো ফন্টের ডিজাইনও করেছেন স্টিভ ম্যাটেসন। অফিস স্যুটে নতুন ফন্ট চালুর বিষয়টি ডিজাইন কমিউনিটির বাহবাও পেয়েছে। অফিসের পরবর্তী আপডেটে নতুন ফন্টটি চালু করা হবে বলে জানা গেছে। কবে নাগাদ ফন্টটি চালু হবে সে বিষয়ে কোনো ঘোষণা না দেয়া হলেও ধারণা করা হচ্ছে সামনের মাসেই এটি প্রকাশ্যে আসবে। নতুন ফন্টটি ব্যবহারকারীদের মধ্যে কী প্রভাব ফেলবে এবং ক্যালিব্রির মতো এর জনপ্রিয়তা থাকবে কিনা সেটি নিয়ে ভাবছেন বিশ্লেষকরা।










