নেটফ্লিক্সের গেমস বিভাগের জনপ্রিয়তা বাড়ানো দুটি গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) গেম এ পরিষেবা থেকে বিদায় নিচ্ছে। গ্র্যান্ড থেফট অটো থ্রি ও গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি চলতি বছর ডিসেম্বরের পর থেকে নেটফ্লিক্সের মোবাইল গেমস লাইব্রেরি থেকে আর খেলা যাবে না। খবর এনগ্যাজেট।

আগামী ১৩ ডিসেম্বর খেলার ‘শেষ দিন’ হিসেবে দুটি গেমকেই তালিকাভুক্ত করেছে নেটফ্লিক্স অ্যাপ। তবে গ্র্যান্ড থেফট অটো: সান অ্যান্ড্রিয়াসের জন্য কোনো ডেডলাইন উল্লেখ নেই। অর্থাৎ সাবস্ক্রাইবাররা এখনো অতিরিক্ত খরচ ছাড়াই সিজের (চরিত্র) গল্প উপভোগ করতে পারবেন। এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, ‘যেকোনো সিরিজ ও ফিল্মের মতোই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্স থেকে এসব গেম সরিয়ে দেয়া হবে। এক্ষেত্রে খেলোয়াড়দের ‘লিভিং সুন’ ব্যাজ দেখানো হবে ও গেমটি সরানোর আগেই অ্যাপ থেকে জানিয়ে দেয়া হবে।’

গেমের প্রকাশক রকস্টারের সঙ্গে ১২ মাসের চুক্তি করেছিল স্ট্রিমিং প্লাটফর্মটি, যা ডিসেম্বরে শেষ হতে চলেছে।

জিটিএ সিরিজের এসব গেম ২০২৩ সালের শেষে প্লাটফর্মটিতে গেমিং এনগেজমেন্ট বাড়িয়েছে বলে জানায় নেটফ্লিক্স।