হলোলেন্স হেডসেটের নতুন একটি ভার্সন বাজারজাতের উদ্দেশ্যে কাজ করছে মাইক্রোসফট। তবে এটি সাধারণ গ্রাহকের জন্য তৈরি করা হচ্ছে না। সূত্রের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ করে সেনা সদস্যরা এটি ব্যবহার করতে পারেন। প্রযুক্তি জায়ান্টটির উন্নত হলোলেন্স কমব্যাট গগল (চশমা) হিসেবে এরই মধ্যে পরীক্ষিত হয়েছে। খবর গিজমোচায়না।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি জানায়, এটি দেশটির সেনাবাহিনীর কাছে আইভিএএস ১.২ ডিভাইস (ইন্টিগ্রেটেড ভিজুয়াল অগমেন্টেশন সিস্টেম) সরবরাহ করছে। এ অগমেন্টেড রিয়ালিটি হেডসেট আগের ভার্সনের তুলনায় হালকা ওজনের এবং যুদ্ধক্ষেত্রে সৈনিকের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। হলোলেন্সনির্ভর কমব্যাট গগলের মাধ্যমে যুদ্ধক্ষেত্র সম্পর্কে আরো উন্নত তথ্য পাওয়া যাবে। পদাতিক ইউনিট ময়দানে তাদের সহযোদ্ধাদের অবস্থান, স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং নাইট ভিশন সুবিধা পাবে। অন্যদিকে সমরে কখন আক্রমণ করলে সুবিধা হবে সে বিষয় এবং কোনো সৈন্য আহত হলে তাও জানাবে হলোলেন্স গগল।

বর্তমানে দুটি দলের মাধ্যমে ২০টির কাছাকাছি প্রেটোটাইপ আইভিএএস গগলসের পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। কম আলোয় এটি কেমন সহায়তা করে, বিশ্বাসযোগ্যতা কেমন এবং সৈন্যদের জন্য ব্যবহার উপযোগিতা কেমন তা যাচাই করা হবে। আগের ভার্সনগুলো সৈন্যদের চোখে চাপ ফেলত ও অস্বস্তি তৈরি করত। এছাড়া বেশকিছু ফিচারও কাজ করত না। আগস্টের শেষ দিকে নতুন হেডসেটের পরীক্ষা শুরু হবে বলে সূত্রে জানা গেছে। চলতি মাসের শেষেই মাইক্রোসফট উন্নত আইভিএএস সিস্টেম সরবরাহ করবে বলে জানা গেছে। পরীক্ষার ফলের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হয়তো আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তথ্যানুযায়ী, ১০ বছরে ১ লাখ ২১ হাজার আইভিএএস ইউনিটের জন্য মার্কিন সেনাবাহিনী ২ হাজার ১৯০ কোটি ডলার ব্যয় করতে পারে।