ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে মাইক্রোসফট প্রথম চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে। এর বদৌলতে সম্পূর্ণ বদলে যায় বিং চ্যাট। এতদিন পর্যন্ত এজ ব্রাউজারে সীমিত থাকলেও বর্তমানে গুগল ক্রোম ও সাফারিতেও যুক্ত হচ্ছে এটি। খবর এনগ্যাজেট।

দ্য ভার্জে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাইক্রোসফট বর্তমানে সাফারি ও ক্রোমে বিং চ্যাট ব্যবহার নিশ্চিতে পরীক্ষা চালাচ্ছে। যাতে ভবিষ্যতে অন্য ব্রাউজারে এ সুবিধা পেতে সমস্যা না হয়। বিবৃতিতে মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, প্রাথমিক পরীক্ষণ শেষে আরো বেশি ব্যবহারকারীর কাছে এ সুবিধা পৌঁছে দেয়ার জন্য আমরা উদগ্রীব।

এটিকে ছোট পরীক্ষা হিসেবে দেখছেন প্রযুক্তি বিশারদরা। এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারী প্রবেশাধিকার পেয়েছে। ক্রোম ও সাফারির ব্যবহারকারীদের জন্য কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিং চ্যাট ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে। এছাড়াও এজ ব্রাউজারের ৪ হাজার শব্দের বিপরীতে ২ হাজার ব্যবহারের সুবিধা মিলবে। এজে ৩০টি প্রশ্ন করার পর কথোপকথন রিসেট করার কথা বললেও নতুন দুই ব্রাউজারে ৫ বারের বেশি জিজ্ঞাসা করা যাবে না। এছাড়াও এজ ব্রাউজার ডাউনলোডের জন্য প্রতিনিয়ত নোটিফিকেশন দেখানো হবে।

বিং চ্যাট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ দ্বারা পরিচালিত। এটি কোনো ফি দেয়া ছাড়াই সব ফিচার ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তবে কিছু পার্থক্যও রয়েছে। বিং সার্চে চ্যাটজিপিটি-৪ এর প্রবেশাধিকার নেই, কিন্তু বিং চ্যাটের সে অধিকার আছে। যে কারণে এটি আরো বেশি সঠিক তথ্য সরবরাহ করতে পারে। অন্য ব্রাউজারের ব্যবহারের সুবিধা দেয়ার পাশাপাশি মাইক্রোসফট বিং চ্যাটে ডার্ক মোডও চালু করেছে। এজন্য উপরের দিকে থাকা হ্যামবার্গার আকৃতির আইকনে ক্লিক করতে হবে। সেখান থেকে অ্যাপিয়ারেন্স এ প্রবেশ করে ডার্ক নির্বাচন করতে হবে। তবে সব ব্যবহারকারীর কাছে এ সুবিধা এখনও পৌঁছায়নি।