কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিশুদের ওপর নিপীড়নের ছবি তৈরি করে- সম্প্রতি এমন একটি চ্যাটবট সাইট খুঁজে পেয়েছে যুক্তরাজ্যের শিশু নিরাপত্তা সংস্থা ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ)। সংস্থাটি জানিয়েছে, সাইটটিতে বিভিন্ন নামে অশ্লীল ও ভয়াবহ ছবি প্রদর্শন করা হয়। আবার কিছু চ্যাটবট আইকনে ক্লিক করলে পুরো স্ক্রিনেজুড়ে শিশুদের নিপীড়নের ছবি দেখা যায়, যা পরবর্তী চ্যাটের পটভূমি হিসেবে ব্যবহৃত হয়। খবর দ্য গার্ডিয়ান।
সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে, এমন ১৭টি ছবি তারা খুঁজে পেয়েছে যেগুলো এআই-নির্মিত ও ফটো-রিয়ালিস্টিক এবং শিশু সুরক্ষা আইনের আওতায় মারাত্মক নিপীড়নের ছবি হিসেবে গণ্য হতে পারে। সাইটটি মার্কিন সার্ভারে হোস্ট করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, চীনের একটি কোম্পানি এর মালিকানায় রয়েছে।
আইডব্লিউএফ জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে এ ধরনের এআই-উৎপন্ন ছবি সম্পর্কিত রিপোর্ট গত বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ বেড়েছে। প্রযুক্তির উন্নতির কারণে ভিডিও সামগ্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এমনটা হয়েছে।
শিশু অধিকার সুরক্ষা সংস্থা এনএসপিসিসি ও অন্যান্য সংস্থা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এআই নির্মাতাদের জন্য কঠোর বিধান আরোপ এবং প্রযুক্তি কোম্পানিগুলোকে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার একটি এআই বিল প্রণয়নের পরিকল্পনা করছে, যা নতুন এআই মডেলের উন্নয়ন এবং শিশু নিপীড়নের ছবি তৈরি ও বিতরণের বিরুদ্ধে কড়াকড়ি বিধান আনার ওপর গুরুত্ব দেবে।
আইডব্লিউএফের প্রধান নির্বাহী কেরি স্মিথ বলেন, ‘এআই-নির্মিত শিশু নিপীড়নের ছবি ও ভিডিও মোকাবেলায় যুক্তরাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটিকে স্বাগত জানাই। তবে আরো দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’
আইডব্লিউএফ আরো জানায়, সাইটটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছিল।
অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নকারী সংস্থা ওফকম বলছে, শিশু নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধই আমাদের অগ্রাধিকার। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেয়া অনলাইন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।










