তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থার পরিবর্তে কনটেন্ট মডারেশনের জন্য নতুন ‘কমিউনিটি নোটস’ পরীক্ষা শুরু করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
মেটা বলছে, তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে কমিউনিটি মডারেটরদের মাধ্যমে কনটেন্ট যাচাই করা হবে। এ পদ্ধতিতে প্লাটফর্ম স্বেচ্ছায় অংশ নেয়া ব্যবহারকারীদের কাছ থেকে সমালোচনা বা যাচাই করা তথ্য সংগ্রহ করবে। এগুলো পরে সিদ্ধান্ত নেয়া বা কনটেন্ট মডারেশন কাজে ব্যবহার করা হবে। ফিচারটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের ২০২১ সালে চালু করা ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের মতোই।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানুয়ারিতে নতুন সিস্টেমটি ঘোষণা করেন। মেটা ১৭ মার্চ থেকে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করবে। নতুন উদ্যোগটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস ব্যবহারকারীদের বিভিন্ন কনটেন্টের ওপর প্রাসঙ্গিক নোট লেখা ও রেটিং দেয়ার সুযোগ দেবে।
মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ সম্ভাব্য ব্যাবহারকারী এরই মধ্যে বিভিন্ন প্লাটফর্মে সাইন আপ করেছেন। নতুন এ পদ্ধতিতে অবদান রাখা ব্যক্তিদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। সেই সঙ্গে তাদের অ্যাকাউন্ট ছয় মাসের পুরনো হতে হবে।










