কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের জন্য ওয়ার্ড, এক্সেলের মতো মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীদের ডাটা ব্যবহারের অভিযোগ উঠেছে টেক জায়ান্টটির বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির ‘কানেক্টেড এক্সপেরিয়েন্সেস’ ফিচার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ফিচারটির অংশ হতে না চাইলে ব্যবহারকারীদের ‘অপ্ট আউট’ (বেরিয়ে আসা) অপশন নির্বাচন করতে হচ্ছে। তারা আরো বলছেন, ব্যবহারকারীদের ডাটা এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযোগ অস্বীকার করেছে মাইক্রোসফট। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

রয়টার্সকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘এ দাবিগুলো সত্য নয়। মাইক্রোসফট মৌলিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়ার জন্য মাইক্রোসফট ৩৬৫-এর গ্রাহক ও বাণিজ্যিক অ্যাপ্লিকেশন থেকে ব্যবহারকারীর ডাটা ব্যবহার করে না।’

তিনি আরো বলেন, ‘কানেক্টেড এক্সপেরিয়েন্সেসের মাধ্যমে সহ-লেখক তৈরি ও ক্লাউড স্টোরেজের মতো ফিচার চালু হয়। এর সঙ্গে কোম্পানির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণের কোনো সম্পর্ক নেই।’