ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার নজর এবার রোবোটিকসে। এতদিন ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তিতে বিনিয়োগের পর এখন রোবটের জন্য একটি সর্বজনীন প্লাটফর্ম তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ঠিক যেভাবে স্মার্টফোনের জন্য গুগল তৈরি করেছিল অ্যান্ড্রয়েড প্লাটফর্ম। খবর এনগ্যাজেট।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওর্থ জানিয়েছেন, কোম্পানিটি এখন রোবটের হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার উন্নয়নে বেশি মনোযোগ দিচ্ছে। এরই মধ্যে ‘মেটাবট’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে কোম্পানিটি। তবে প্রকৃত লক্ষ্য হচ্ছে এমন একটি সফটওয়্যার তৈরি করা, যা অন্য প্রতিষ্ঠানগুলো তাদের রোবটে ব্যবহার করতে পারবে।
মেটার রোবোটিকস উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ক্রুজের সাবেক প্রধান নির্বাহী মার্ক হুইটেন। তাকে সহযোগিতা করছে মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবস। তারা ‘ওয়ার্ল্ড মডেল’ নামে একটি উন্নত সিমুলেশন প্রযুক্তি বানাচ্ছে, যা রোবটকে মানুষের মতো হাত নাড়ানো বা জটিল কাজ শেখাতে পারবে। ভবিষ্যতে এ প্রযুক্তি আরো উন্নত করে জটিল কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে।
চলতি বছরের শুরুর দিকে মেটা এমন একটি গৃহস্থালি রোবট তৈরির পরিকল্পনা নিয়েছিল, যা ঘর পরিষ্কার বা কাপড় ভাঁজ করার মতো কাজ করতে পারে। যদিও এখনো সেটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে প্রতিযোগিতায় মেটা একা নয়। অ্যাপলও গৃহস্থালি রোবটের কাজ শুরু করেছে বলে জানা গেছে। এর প্রথম সংস্করণ হতে পারে টেবিলে বসানো একটি যান্ত্রিক হাতল ও ডিসপ্লে। অন্যদিকে টেসলা নিয়মিত অপ্টিমাস রোবটের নমুনা প্রদর্শন করছে, যদিও তা বেশ নিয়ন্ত্রিত পরিবেশে।
এখনো মেটা তাদের বহুল আলোচিত এআর চশমাকে জনপ্রিয় করতে পারেনি। তবু মেটা এখন তাদের পরবর্তী বড় উদ্যোগ ও প্রধান বিনিয়োগ হিসেবে রোবোটিকস খাতকে বেছে নিচ্ছে। সফটওয়্যারের শক্তিকে কাজে লাগিয়ে এ খাতে অ্যান্ড্রয়েডের মতো নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখছে তারা।










