নতুন স্মার্টফোন কেনার পর সেটি যত্নসহকারে ব্যবহার করা হয়। কিন্তু প্রতিনিয়ত ব্যবহারের কারণে সেটি ময়লা হতে থাকে। ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখতে অনেকে ব্যাক কভারও ব্যবহার করে থাকে। কিন্তু তার পরও ময়লা ঢুকে যায়। দীর্ঘদিন সেলফোন পরিষ্কার না করলে চার্জার পোর্ট, হেডফোন জ্যাকে সমস্যা হয়। এ কারণে নিয়মিত সেলফোন পরিষ্কার করা জরুরি। আর এতে বেশকিছু বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে সিনেট ও কোভালো ব্লগ।
নির্ধারিত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। পরিষ্কার করার আগে প্রথমেই সেলফোনটি বন্ধ করে নিতে হবে। শুধু ডিসপ্লে পরিষ্কার করলেও ডিভাইস বন্ধ করে নেয়া ভালো। পরিষ্কারের জন্য যে তরল পদার্থ ব্যবহার করা হয় তা ডিসপ্লেতে প্রবেশ করে সমস্যা তৈরি করতে পারে। তাই ক্ষতি এড়াতে বন্ধ করে নেয়া ভালো। সেলফোন বা স্মার্ট ডিভাইস পরিষ্কারের সময় নরম কাপড় বা মাইক্রোফাইবার ব্যবহার করা ভালো। শক্ত কাপড় বা অন্য কিছু ব্যবহার করলে ডিভাইসের ডিসপ্লে ও বডিতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিসপ্লে পরিষ্কারের জন্য মাইক্রোফাইবারের যে পাশ ব্যবহার করা হয়েছে বডি বা ব্যাকপার্টে সে অংশ বাদ দিতে হবে।
সেলফোন পরিষ্কারের জন্য আলাদা তরল পদার্থ কিনতে পাওয়া যায়। এর পরিবর্তে ব্লিচিং পাউডার, উইন্ডো ক্লিনার এগুলো ব্যবহার করা যাবে না। সেলফোনের ওপর সরাসরি কোনো স্প্রে করা যাবে না। যে কাপড় ব্যবহার করা হবে সেটির ওপর স্প্রে করতে হবে। ঘরে লিকুইড সাবান পানিতে মিশিয়ে ক্লিনার তৈরি করা যাবে। মিশ্রণে কাপড় ভিজিয়ে ডিভাইস পরিষ্কার করা যাবে।










