ভিডিও কনটেন্ট স্ট্রিমিং পরিষেবার পাশাপাশি গেমিংয়ের বাজারে প্রবেশ করতে চাইছে নেটফ্লিক্স। এর অংশ হিসেবে প্লাটফর্মটি নির্ধারিত টেলিভিশন ও কম্পিউটারে গেম পরীক্ষা করবে। সম্প্রতি এক ব্লগপোস্টে এ কথা জানান নেটফ্লিক্স গেমসের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদু। খবর রয়টার্স।
চলতি সপ্তাহে কানাডা ও যুক্তরাজ্যের একটি ছোট গ্রুপকে নিয়ে বেটা পরীক্ষা শুরু করতে যাচ্ছে কোম্পানিটি। নির্ধারিত টিভি, কম্পিউটার ও ম্যাকের ব্রাউজারে কয়েক সপ্তাহের মধ্যে গেম পরীক্ষা করা হবে বলে সূত্রে জানা গেছে। ২০২১ সালের নভেম্বরে সেলফোনে নেটফ্লিক্স গেমস চালু করে স্ট্রিমিং প্লাটফর্মটি। এর মাধ্যমে গেমিং জগতে কোম্পানিটি প্রবেশ করে। এখন পর্যন্ত শুধু অ্যাপল ও অ্যালফাবেটের অ্যান্ড্রয়েডের জন্য গেম টাইটেলগুলো উন্মোচন করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে নেটফ্লিক্সের গেম স্টুডিও নাইট স্কুলের অক্সেনফ্রি ও মাইনিং আরকেড গেম মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চার গেমের পরীক্ষা চালানো হবে। ব্যবহারকারীরা টেলিভিশনের গেম খেলার জন্য তাদের সেলফোন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে নেটফ্লিক্সডটকম থেকে কম্পিউটার ও ম্যাকে গেম খেলার জন্য মাউস-কিবোর্ড ব্যবহার করা যাবে।
নেটফ্লিক্স জানায়, অ্যামাজন ফায়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, ক্রোমকাস্ট উইথ গুগল টিভি ও রকু ডিভাইসের মাধ্যমে টেলিভিশনে গেম খেলা যাবে।
মার্চে কোম্পানিটি জানিয়েছিল, চলতি বছর শেষে ৪০টির বেশি গেম টাইটেল উন্মোচন করা হবে। এছাড়া আরো ৭০টি গেম উন্নয়নমূলক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।










