অ্যাপল ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা ত্রুটি সম্পর্কে সর্তক করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি এক টুইটবার্তায় এ সতর্কতা জারি করেছে দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল। খবর খালিজ টাইমস।
টুইটে বলা হয়, ত্রুটিগুলো সংবেদনশীল তথ্যে অননুমোদিত প্রবেশ এবং ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অনুমতি দিচ্ছে। অ্যাপলের জরুরি কিছু আপডেট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করা হয়েছে।
ব্যবহারকারীদের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় অ্যাপল ও অ্যান্ড্রয়েডের হালনাগাদ আপডেটগুলো ইনস্টল করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ডিজিটাল ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবের গবেষকরা জানান, তারা তদন্তে সাইবার ইন্টেলিজেন্স ফার্ম এনএসওর সঙ্গে স্পাইওয়্যারের সম্পৃক্ততা পেয়েছে, যা অ্যাপল ডিভাইসে পাওয়া নতুন ত্রুটিকে কাজে লাগিয়ে প্রবেশ করানো হয়েছে।
এক বিবৃতিতে সিটিজেন ল্যাব জানায়, গত সপ্তাহে ওয়াশিংটনভিত্তিক সিভিল সোসাইটি গ্রুপের এক কর্মকর্তার অ্যাপল ডিভাইসে ত্রুটিটি পাওয়া যায়, যা এনএসওর স্পাইওয়্যার দিয়ে ডিভাইসটিকে সংক্রমিত করতে ব্যবহার হয়েছে।
সিটিজেন ল্যাব জানিয়েছে, অ্যাপল কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করেছে, এ ধরনের সাইবার আক্রমণ বন্ধ করতে তারা ডিভাইসগুলোয় উচ্চ নিরাপত্তাদানকারী ‘লকডাউন মোড ফিচার ব্যবহার করেছে, যা দিয়ে এ ধরনের আক্রমণ মোকাবেলা সম্ভব।’










