ডিজিটাল এআই ফিউচার প্রকল্প চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নীতিনির্ধারণ ও গবেষণাকে সমর্থন করার জন্য এ প্রকল্প চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাতব্য সংস্থা গুগল অর্গানাইজেশন এ প্রচেষ্টার অংশ হিসেবে ২ কোটি ডলারের একটি তহবিল তৈরির পরিকল্পনা করেছে। খবর টেক টাইমস।
তহবিলের মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে কাজ করে এমন থিংক ট্যাংক ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেয়া। গুগল অর্গানাইজেশন ডিরেক্টর ব্রিজিট হোয়ার গসেলিংক গুগলের অফিশিয়াল ব্লগে দায়িত্বশীল এআই বিকাশের গুরুত্ব ও কিছু জরুরি উদ্বেগ মোকাবেলার প্রয়োজনীয়তার দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘এআই আমাদের জীবনকে সহজ করে তুলছে এবং এর মাধ্যমে সমাজের কিছু জটিল প্রতিবন্ধকতা মোকাবেলা করার সম্ভাবনা রয়েছে। যেমন রোগ প্রতিরোধ করা, শহরগুলোকে আরো ভালোভাবে কাজের জন্য নির্মাণ করা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয়া। তবে এআইয়ের ন্যায্যতা, পক্ষপাতিত্ব, ভুল তথ্য, নিরাপত্তা ও এর কাজের ভবিষ্যৎ প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।’
গুগল ডিজিটাল ফিউচার প্রজেক্ট স্বাধীন গবেষকদের অর্থায়ন করবে। এআইয়ের বৈশ্বিক নিরাপত্তার প্রভাব, কীভাবে প্রতিষ্ঠানটিকে ও উদ্যোগগুলোকে সুরক্ষিত করা যায়, কীভাবে এআই শ্রম ও শ্রমশক্তিকে এআই-সম্পর্কিত চাকরিতে স্থানান্তর করবে এবং কীভাবে সরকার উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এআই ব্যবহার করতে পারবে তা নিয়ে মূলত গবেষকরা কাজ করবেন। এটির লক্ষ্য হলো শাসন কাঠামো এবং ক্রস-ইন্ডাস্ট্রি উদ্যোগকে উৎসাহিত করা, যাতে তারা নৈতিক ও দায়িত্বশীল এআই উদ্ভাবনকে সমর্থন করতে পারে।
আমেরিকাভিত্তিক অনলাইন সংবাদপত্র টেকক্রাঞ্চ জানায়, ফান্ডের উদ্বোধনী গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাসপেন ইনস্টিটিউট, ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি, লিডারশিপ কনফারেন্স এডুকেশন ফান্ড, এমআইটি ওয়ার্ক অব দ্য ফিউচার, আর স্ট্রিট ইনস্টিটিউট ও সিডএআই।
ডিজিটাল ফিউচার প্রজেক্টের লক্ষ্য হলো নীতিনির্ধারকরা ও স্টেকহোল্ডারদের সঙ্গে এআই প্রযুক্তি তৈরি ও ব্যবহার বিষয়ে সচেতনতা প্রচার করা। গুগল মূলত নিয়ন্ত্রক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে সামাজিক কল্যাণের জন্য এআইয়ের বিকাশকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।










