আইওএসেও আরিয়া এআই অ্যাসিস্ট্যান্ট চালুর ঘোষণা দিয়েছে অপেরা। জুনে ডেস্কটপের জন্য প্রথম ফিচারটি চালু করা হয়। ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে চুক্তির মাধ্যমে এটি চালু করা হয়েছে। অপেরার তথ্যানুযায়ী, বর্তমানে সব ডেস্কটপ ও মোবাইল প্লাটফর্মে ফিচারটি চালু হয়ে গেছে। সামগ্রিকভাবে এর ব্যবহারকারী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। খবর গিজমোচায়না।

মাইক্রোসফট বিংয়ের কোপাইলট এবং গুগলের সার্চ জেনারেটিভ অভিজ্ঞতার মতো আরিয়া ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সচল ওয়েব পেজগুলোয় থাকা বিষয়ের বর্ণনা করতে পারবে। এ অ্যাসিস্ট্যান্টটি ওপেনএআইয়ের জিপিটি এপিআইতে যুক্ত হয়। এছাড়াও রিয়াল টাইম ওয়েব রেজাল্টের জন্য অপেরার কম্পোজার অবকাঠামো ব্যবহার করে থাকে।

কোম্পানির এক ঘোষণায় অপেরার কেসেনিয়া সাইচেভা বলেন, ওয়েব নেভিগেশন ও ব্রাউজার ফাংশন উভয় ক্ষেত্রেই বিশেষজ্ঞ হিসেবে আরিয়া তথ্য পুনরুদ্ধার, পাঠ্য বা কোড তৈরি এবং পণ্য অনুসন্ধানের মতো কাজগুলোয় এআইয়ে সহযোগিতাকে বাড়িয়ে দেয়।’

এআই বটটি ব্যবহারের জন্য আলাদা অপেরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিবৃতিতে কোম্পানি জানায়, ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী এআই সার্ভিস ব্যবহারের ক্ষেত্র নির্ধারণ করতে পারবে। একবার চালু হওয়ার পর আরিয়া ইন্টেলিজেন্ট ইনসাইট, যুগান্তকারী আইডিয়া ও ভয়েস কমান্ড দেবে। টেকক্রাঞ্চের নোট অনুযায়ী, অপেরার আইওএস অ্যাপের মোর মেনু থেকে আরিয়া ব্যবহার করা যাবে।

চ্যাটবটের পাশাপাশি আইওএস অ্যাপে একটি অ্যাড-ব্লকার ও অ্যাপলের ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন ফিচারও যুক্ত করেছে। এটি ক্রস সাইট  ট্র্যাকিং থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে।