আগামী বছর মার্চে শেষ হওয়া অর্থবছরের জন্য সুইচ কনসোলের বিক্রির পূর্বাভাস কমিয়েছে জাপানের গেমিং জায়ান্ট নিনতেন্দো। সুইচ কনসোল পুরনো হওয়ায় ও মানুষের আগ্রহ কমে যাওয়ায় ডিভাইসগুলোর বিক্রি কমেছে। আর তাই বিক্রির পূর্বাভাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর সিএনবিসি।
নিনতেন্দো জানিয়েছে, তারা এখন প্রত্যাশা করছে চলতি অর্থবছরের মধ্যে ১ কোটি ২৫ লাখ ইউনিট সুইচ কনসোল বিক্রি হবে। এটি আগের প্রত্যাশিত ১ কোটি ৩৫ লাখ ইউনিটের তুলনায় কম। সম্প্রতি নিনতেন্দো তাদের জনপ্রিয় সুইচ কনসোলের চাহিদা কমে যাওয়া নিয়ে জটিলতার সম্মুখীন হচ্ছে। ডিভাইসটি সাত বছরেরও বেশি পুরনো, ফলে সময়ের সঙ্গে এর বিক্রিও কমে যাচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিনিয়োগকারীরা জানান, তারা একটি নতুন কনসোলের জন্য অপেক্ষা করছেন, যা বর্তমান সুইচকে প্রতিস্থাপন করবে। নতুন কনসোল নিনতেন্দোর গেমিং ব্যবসাকে আবারো পুনরুজ্জীবিত করবে বলে তারা প্রত্যাশা করছেন। এদিকে আগামী মার্চে অর্থবছর শেষে কোম্পানিটি নতুন কনসোলের ঘোষণা করবে বলে জানিয়েছে।
নিনতেন্দো সামগ্রিকভাবে এ অর্থবছরের জন্য তাদের বিক্রয় থেকে আয় ও মুনাফার প্রত্যাশাও কমিয়েছে। কোম্পানিটি ১ লাখ ৩৫ হাজার কোটি ইয়েনের পূর্বাভাস থেকে কমিয়ে এখন ১ লাখ ২৮ হাজার কোটি ইয়েন মূল্যের বিক্রির আশা করছে।৷ তারা এ বছরের জন্য প্রত্যাশিত পরিচালন মুনাফা ৪০ হাজার কোটি ইয়েন থেকে ৩৬ হাজার কোটি ইয়েনে নামিয়েছে। এদিকে সেপ্টেম্বরে শেষ হওয়া কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে নিনতেন্দো। প্রতিবেদন বলছে, এ সময় কোম্পানিটির আয় হয়েছে ২৭ হাজার ৬৭০ কোটি ইয়েন বা ১৮০ কোটি ডলার। সংখ্যাটি তাদের প্রত্যাশিত ২৭ হাজার ৩৩৪ কোটি ইয়েনের চেয়ে সামান্য বেশি। অন্যদিকে মুনাফা ছিল ২ হাজার ৭৭০ কোটি ইয়েন, যা পূর্বাভাসের ৪ হাজার ৮০৬ কোটি ইয়েনের তুলনায় বেশ কম। কোম্পানিটির আয় গত বছরের তুলনায় ১৭ শতাংশ কমেছে। আর মুনাফা কমেছে ৬৯ শতাংশের বেশি।
নিনতেন্দো সুইচ কোম্পানির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত কনসোল। ২০১৭ সালে লঞ্চের পর থেকে নিনতেন্দোর আলোচিত চরিত্রগুলোর মাধ্যমে সুইচ কনসোলের জনপ্রিয়তা দীর্ঘ সময় ধরে রাখতে পেরেছে।










