যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের সহকারী গবেষণা অধ্যাপক সারা এস্ট্রাপালের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ আই-কানেক্ট। এটি ব্যবহার করে এ শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, সেলফোন অ্যাপটি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সারা এস্ট্রাপালারের নেতৃত্বে চার বছরের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে তৈরীকৃত অ্যাপটির লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যস্ততা বাড়ানো। পাশাপাশি তারা যেন শ্রেণীকক্ষে নিজেদের আচরণ নিয়ন্ত্রিত করতে সক্ষম হয়, গুরুত্ব দেয়া হয়েছে সেদিকেও। এছাড়া শিক্ষার্থীরা যেন শিক্ষকদের প্রত্যাশা অনুধাবন করতে সক্ষম হয়, সেদিকে গুরুত্ব দিয়ে অ্যাপটিতে প্রয়োজনীয় টুলসও যুক্ত করেছেন সারা এস্ট্রাপালা। 

সেলফোন অ্যাপটির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশের লক্ষ্য নির্ধারণ এবং রিয়াল টাইমে তারা কতটা অগ্রগতি অর্জন করতে পারছে তা নিরীক্ষণ করে। মিসৌরির জেফারসন সিটি, হলসভিল এবং ফুলটনের পাবলিক স্কুলের প্রায় ৫০ জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর অ্যাপটির কার্যকারিতা যাচাই করা হবে। শুরুতে শিক্ষার্থীরা নিজ নিজ স্বতন্ত্র লক্ষ্য নির্ধারণ করবে, যেমন নিবিড় মনোযোগ দেয়া কিংবা কার্যকরভাবে নির্দেশাবলী অনুসরণ। আই-কানেক্ট অ্যাপ ডাউনলোডের পরে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত লক্ষ্যানুসারে আচরণ করতে সক্ষম হচ্ছে কিনা এবং শ্রেণীকক্ষে আচরণ মূল্যায়নের জন্য তৎপর কিনা অ্যাপের মাধ্যমে পর্যায়ক্রমে সে ধরনের নির্দেশনা লাভ করবে। 

শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কতটা অগ্রগতি লাভে সক্ষম হচ্ছে, অ্যাপটি সে বিষয়ক গ্রাফও তৈরি করবে; যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয় পক্ষকেই সময়ের সঙ্গে সঙ্গে বিকাশগুলোকে পর্যবেক্ষণে সহায়তা করে। এস্ট্রাপালার জানান, অ্যাপটি তৈরির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের তিনটি ক্ষেত্রে দক্ষ করে তোলা। এগুলো হলো লক্ষ্য নির্ধারণ, স্ব-পর্যবেক্ষণ এবং স্ব-মূল্যায়ন। ব্যবহারকারীবান্ধব এ অনুশীলন অ্যাপ শিক্ষার্থীদের আজীবন শেখার এবং স্ব-ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে। অ্যাপটি স্ব-নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ টুলস ব্যবহার করতে দেয়। প্রাপ্তবয়স্করা মনে করেন তারা শিক্ষার্থীদের প্রয়োজনগুলো সম্পর্কে ওয়াকিবহাল।