দেশের বাজারে কো-ব্র্যান্ডেড ফোরজি সেলফোন নিয়ে এসেছে গ্রামীণফোন ও সিম্ফনি মোবাইল। সম্প্রতি রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এডিসন গ্রুপের স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। এ পার্টনারশিপের আওতায় সিম্ফনি জি২৬ মডেলের সেলফোন বাজারে পাওয়া যাবে।

আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটির উন্মোচন করেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ ও গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আওলাদ হোসেন, সিম্ফনির হেড অব প্রডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সোর্সিং মুনিম মো. ইশতিয়াক ও হেড অব মোবাইল সেলস মোহাম্মদ আবু সায়েম।

চুক্তির ফলে ক্রেতারা ছয় মাসের জন্য প্রতি মাসে পাবেন ২ দশমিক ৫ জিবি ডাটা ও ৫০ মিনিট টকটাইম। পাশাপাশি ৪৯৯ টাকার বান্ডল মূল্যে ক্রেতারা পাবেন ১৫ জিবি ডাটা ও ৩০০ মিনিট টকটাইম। অফারটি উপভোগ করতে ক্রেতাদের সিম্ফনি জি২৬ থেকে ডায়াল করতে হবে *১২১*১২৭৬#। সব গ্রামীণফোন সেন্টার এবং এক্সপেরিয়েন্স সেন্টারসহ সিম্ফনির অনুমোদিত সেলস পয়েন্ট কিংবা জিপি অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে স্মার্টফোনটি।

গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, ‘স্মার্টফোনকে সাশ্রয়ী করে তোলা বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়নের পূর্বশর্ত। এটা শুধু স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার বৃদ্ধিই করবে না, পাশাপাশি মানুষকে ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত করে তুলতে ভূমিকা রাখবে।’

সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে চুক্তির মাধ্যমে আবারো যুগান্তকারী এক স্মার্টফোন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব দুই প্রতিষ্ঠানের একই লক্ষ্যেরই প্রতিফলন।’