ওয়্যারলেস ইয়ারবাডস এখন অনেকেরই নিত্যসঙ্গী। গান ও পডকাস্ট শোনা কিংবা ভিডিও দেখার জন্য ছোট এসব ডিভাইস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আকারে ছোট হলেও শব্দের মান ভালো এবং বহন করতেও সহজ। তবে নানা সুবিধার পাশাপাশি কিছু অসতর্ক অভ্যাসই ইয়ারবাডসের আয়ু অজান্তেই কমিয়ে দিতে পারে।
প্রযুক্তি ওয়েবসাইট মেকইউজঅবের মতে, সাধারণত একটি ওয়্যারলেস ইয়ারবাডস টানা দুই-তিন বছর ভালোভাবে কাজ করে। এরপর ব্যাটারির ক্ষমতা কমতে শুরু করে। তবে যত্ন নিয়ে ব্যবহার করলে এর আয়ু আরো কিছুটা বাড়ানো সম্ভব। ইয়ারবাডস দ্রুত নষ্ট হওয়ার কারণগুলো হলো—
তাপমাত্রার প্রভাব
অতিরিক্ত গরম বা ঠাণ্ডা পরিবেশ ইয়ারবাডসের লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর। গরম পরিবেশে ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, ফলে এর গুণাগুণ নষ্ট হতে থাকে। আবার অতিরিক্ত ঠাণ্ডায় ব্যাটারির কার্যক্ষমতা সাময়িকভাবে কমে যায়। দীর্ঘদিন এমন অবস্থায় রাখলে ব্যাটারির স্থায়িত্ব নষ্ট হয়। তাই মনে রাখতে হবে, যদি নিজের কাছে পরিবেশটি বেশি গরম বা ঠাণ্ডা মনে হয়, তাহলে সেটি ইয়ারবাডসের জন্যও ক্ষতিকর।
উচ্চ শব্দে গান শোনা
দীর্ঘ সময় ধরে খুব জোরে গান শোনার ফলে শুধু কানের ক্ষতি নয়, ইয়ারবাডসেরও ক্ষতি হয়। উচ্চ ভলিউমে শব্দ উৎপাদনের জন্য ড্রাইভারগুলোকে বেশি পরিশ্রম করতে হয়, এতে অতিরিক্ত তাপ ও চাপ তৈরি হয়। ফলে ভেতরের ছোট স্পিকার ড্রাইভার দীর্ঘমেয়াদে বিকৃতি বা ক্ষয় হয়। অনেক সময় ইয়ারবাডস সঠিকভাবে কানে না বসলে ব্যবহারকারীরা ভলিউম বাড়িয়ে দেন। এক্ষেত্রে আরামদায়ক ও সঠিক ফিটিংয়ের ইয়ারটিপ ব্যবহার করলেই কম ভলিউমে ভালো শব্দ পাওয়া যায়।
নিয়মিত পরিষ্কার না করা
ইয়ারবাডস সবসময় কানের সংস্পর্শে থাকে, তাই এতে সহজেই ময়লা, ঘাম ও ধুলো জমে। ফলে শব্দ নষ্ট হয়, মাইক্রোফোন ব্লক হয়, এমনকি চার্জিং সমস্যাও দেখা দিতে পারে। তাই নিয়মিত পরিষ্কার করা জরুরি। নরম শুকনো কাপড় বা ছোট ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করা যায়। চার্জিং কনট্যাক্টে সামান্য অ্যালকোহলে ভেজানো কটন দিয়ে হালকাভাবে মুছে নিন। সিলিকন টিপগুলো আলাদা করে গরম পানিতে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
অপ্রয়োজনীয় ফিচার চালু রাখা
আধুনিক ইয়ারবাডসে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), ট্রান্সপারেন্সি মোড বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার থাকে। এগুলো সুবিধাজনক হলেও ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ ফেলে। সবসময় এএনসি চালু রাখলে ব্যাটারি দ্রুত ক্ষয় হয়। তাই প্রয়োজনে, যেমন বিমানে বা কোলাহলপূর্ণ পরিবেশে ফিচারটি ব্যবহার করা আর শান্ত পরিবেশে বন্ধ রাখা উচিত। এতে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
যেকোনো একটি ইয়ারবাড বেশি ব্যবহার করা
বেশির ভাগ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে একটি ‘প্রাইমারি’ হিসেবে কাজ করে। দৈনন্দিন কাজে অনেকেই একটি ইয়ারবাড ব্যবহার করেন। সবসময় একটি ইয়ারবাড ব্যবহার করলে সেটির ব্যাটারি দ্রুত নষ্ট হয়। তাই একদিন ডান পাশ, আরেক দিন বাম পাশ ব্যবহার করলে দুই পাশের ব্যাটারি প্রায় সমানভাবে টিকবে।
ইয়ারবাডস চিরস্থায়ী নয়, তবে যত্ন নিয়ে ব্যবহার করলে এর আয়ু অনেক বাড়ানো যায়। তাপ, আর্দ্রতা, ময়লা ও অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে রাখলে সহজেই কয়েক বছর টিকিয়ে রাখা সম্ভব। সামান্য যত্নই পাওয়া যাবে দীর্ঘ সময়ের জন্য পরিষ্কার, নির্ভরযোগ্য শ্রবণ অভিজ্ঞতা।










