সেলফোনের পাশাপাশি এবার হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য নতুন চিপ উন্মোচন করেছে কোয়ালকম। স্ন্যাপড্রাগন জি সিরিজের লাইনআপে তিনটি চিপ আনা হয়েছে। এগুলো হলো জিওয়ান জেন ১, জিটু জেন ১ ও জিথ্রিএক্স জেন ২। খবর গিজমোচায়না।
নতুন তিনটি প্রসেসর বিভিন্ন ফর্ম ফ্যাক্টরে কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী গেমের চাহিদা পূরণ করবে বলে দাবি কোম্পানির। কার্যক্ষমতার দিক থেকে তিনটি প্রসেসরই সম্পূর্ণ আলাদা। স্ন্যাপড্রাগন জিথ্রিএক্স জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর এবং জেন ১ এর উত্তরসূরি। আগের ভার্সনগুলোর তুলনায় এর সিপিইউ পারফরম্যান্স ৩০ শতাংশ বেশি এবং জিপিইউ পারফরম্যান্স দ্বিগুণ বলে জানানো হয়েছে। চিপসেটে কোয়ালকম কায়রো অক্টা-কোর সিপিইউ ও অ্যাড্রেনো এ৩২ জিপিইউ রয়েছে। চিপসেটটি হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড রে-ট্রেসিং, গেম সুপার রেজল্যুশন ও এক্সআর গ্লাস টেথারিং সমর্থন করে। স্ন্যাপড্রাগন জিটু জেন ১ এ কোয়ালকম কায়রো অক্টা-কোর সিপিইউ ও গেমিংয়ের জন্য অপটিমাইজড অ্যাড্রেনো ১২১ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে স্ন্যাপড্রাগন এক্স৬২ ফাইভজি মডেম-আরএফ সিস্টেম, ফাইভজি ও ওয়াইফাই ৬/৬ই সংযোগ রয়েছে। ফুল ফিচার মোবাইল ও ক্লাউড গেমিংয়ের জন্য এটি সক্ষম বলে দাবি কোয়ালকমের।
জি সিরিজ হ্যান্ডহেল্ড প্রসেসরের বেজ ভার্সন হচ্ছে জিওয়ান জেন ১। কোম্পানিটি জানায় যেসব হ্যান্ডহেল্ড ডিভাইসে ফ্যান নেই সেগুলোর জন্য এটি তৈরি করা হয়েছে।










