আধুনিক ও আকর্ষণীয় অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ নিঃসন্দেহে বেশ জনপ্রিয়। তবে ব্যবহারকারীদের অভিযোগ, নানা ধরনের নোটিফিকেশন বা সতর্কবার্তা একে কখনো কখনো অতিরিক্ত বিরক্তিকর করে তোলে। টিপস, আপডেট কিংবা প্রমোশনাল নোটিফিকেশনের কারণে অনেক সময় কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা হয়ে ওঠে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত ও ক্লান্তিকর। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব (এমইউও)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রয়োজনীয় এসব নোটিফিকেশন বন্ধ করলে উইন্ডোজ ১১ অনেক বেশি শান্ত, মসৃণ ও আরামদায়ক মনে হয়।
অতিরিক্ত নোটিফিকেশনে মনোযোগ ব্যাহত করে
নোটিফিকেশন বা সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো ঘটনার ইঙ্গিত দেয়া। কিন্তু বারবার পপ-আপ বা সাউন্ডের কারণে এগুলো অনেক সময় মনোযোগ নষ্টের কারণ হয়। এমইউওর প্রতিবেদনে বলা হয়েছে, যেসব নোটিফিকেশন তেমন গুরুত্বপূর্ণ নয়, সেগুলো বন্ধ করলে কাজের গতি কমে না; বরং মনোযোগ বাড়ে এবং ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো হয়।
উইন্ডোজ টিপস ও ‘ওয়েলকাম’ পপ-আপ
উইন্ডোজ ১১-এর সবচেয়ে বেশি বিরক্তিকর দিকগুলোর একটি হলো বারবার আসা টিপস ও ‘ওয়েলকাম ব্যাক’ পপ-আপ বার্তা। নতুন ব্যবহারকারীদের জন্য এগুলো কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য এগুলো কেবলই বাধা। প্রায়ই আপডেটের পর বা সামান্য পরিবর্তনের সময় এ বার্তাগুলো দেখা যায়। এগুলো বন্ধ করতে গেলে যেতে হবে Settings>System Notifications > Additional settings–এ। তারপর Get tips and suggestions when using Windows এর টিকচিহ্ন তুলে দিতে হবে। এতে ডেস্কটপ অনেক বেশি স্থির ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।
‘স্ক্যান সম্পন্ন’ নোটিফিকেশন
উইন্ডোজ সিকিউরিটি সফটওয়্যার এখন অনেক উন্নত, তবু একটি বিরক্তিকর দিক আছে, প্রতিবার স্ক্যান শেষে ‘Scan complete’-এর নোটিফিকেশন আসে। এটি কোনো সমস্যা নয়। তবে মাঝেমধ্যে মিটিংয়ের সময় কিংবা জরুরি কাজের মধ্যে হঠাৎ দেখা দেয়। এমইউও বলছে, শুধু জরুরি সতর্কবার্তা ছাড়া বাকি সব ধরনের নোটিফিকেশন বা বার্তা কাজের মনোযোগের বিঘ্ন ঘটায়। এটি বন্ধ করতে Windows Security>Settings>Manage notifications>Virus & threat protection notifications এ যেতে হবে। তারপর Recent activity and scan results-এর টিক তুলে দিতে হবে।
উইন্ডোজ আপডেট রিমাইন্ডার
সিস্টেম আপডেট নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু এ আপডেট শেষ করতে বারবার রিস্টার্টের নোটিফিকেশন বেশ বিরক্তিকর। সাধারণত গুরুত্বপূর্ণ কোনো কাজের মাঝেই এ বার্তা দেখা দেয়। এ থেকে বাঁচতে Settings>Windows Update>Advanced options>Active hours এ গিয়ে নিজের কাজের সময় নির্ধারণ করতে হবে এবং Notify me when a restart is required অপশনটি বন্ধ করে দিতে হবে। এতে সিস্টেম আপডেট পরবর্তী অবসরে নিজে থেকেই সম্পন্ন হবে।
বিজ্ঞাপনধর্মী নোটিফিকেশন
সবচেয়ে অপ্রয়োজনীয় নোটিফিকেশন হলো প্রচারমূলক বা বিজ্ঞাপনধর্মী বার্তা, যেমন ‘Try Microsoft Edge’ বা ‘New apps for you’ ইত্যাদি। এগুলো কাজের মাঝেই আসে, ফলে ডেস্কটপ বিজ্ঞাপন বোর্ডে পরিণত হয়। এগুলো বন্ধ করতে Settings>System>Notifications>Additional settings এ যেতে হবে এবং Suggest ways I can get the most out of Windows-এর টিক তুলে দিতে হবে। পাশাপাশি Settings>Personalization>Start–এ গিয়ে Show recommendations for tips, shortcuts, new apps, and more অপশনও বন্ধ রাখতে হবে।
সব নোটিফিকেশনই খারাপ নয়। গুরুত্বপূর্ণ বার্তাগুলো কাজের গতি বাড়াতে সাহায্য করে। কিন্তু অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করলে সত্যিকারের জরুরি সতর্কবার্তাগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। এমইউওর প্রতিবেদনে বলা হয়েছে, নোটিফিকেশন কমানো মানে উইন্ডোজকে কম কার্যকর করা নয় বরং এটিকে আরো শান্ত, মনোযোগী ও ব্যবহারবান্ধব করে তোলা।










