অনলাইন সার্চকে আরো সহজ ও আকর্ষণীয় করতে নতুন সুবিধা এনেছে গুগল। এবার ওয়েবে যেকোনো বিষয় খোঁজাখুঁজির বদলে অল্প কথায় তথ্য শোনা যাবে অডিও ওভারভিউসের মাধ্যমে। খবর এনগ্যাজেট।
গুগলের তথ্যানুযায়ী, জেমিনি এআই এ অডিও ওভারভিউ তৈরি করে, যা অনেকটা দুজন উপস্থাপকের পডকাস্টের মতো শোনায়। অর্থাৎ চাইলে ওয়েবসাইট ঘেঁটে তথ্য না খুঁজে অল্প সময়ের মধ্যেই অডিও ক্লিপটি শুনে নিতে পারবে ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন সুবিধাটি তথ্য অনুসন্ধানে গতি ও স্বাচ্ছন্দ্য বাড়াবে এবং অনেক ব্যবহারকারীর কাছে সার্চকে আরো আকর্ষণীয় করে তুলবে।
টেক জায়ান্টটির দাবি, সহজ ও সাধারণ তথ্য, যেমন ‘বাবা দিবস কবে?’—এমন প্রশ্নের অডিও ওভারভিউস বিশেষ কার্যকর না হলেও গভীর তথ্য চাইলে এটি দারুণ কাজ করে। যেমন কেউ বিশেষ কোনো দিবসের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জানতে চাইল, তখন অডিও ওভারভিউস ফিচারটি গুগল সার্চের প্রথম পৃষ্ঠার তথ্য ঘেঁটে ছোট করে অডিও সারমর্ম উপস্থাপন করে।
ব্যবহারকারী চাইলে অডিওটি ধীর বা দ্রুত (০.২৫x থেকে ২x পর্যন্ত) করতে পারবে ও শব্দের মাত্রাও নিয়ন্ত্রণ করা যাবে। চাইলে যে ওয়েবসাইটগুলো থেকে তথ্য নেয়া হয়েছে, তাও জানা যাবে অডিও ওভারভিউস থেকে।
গুগল অডিও ওভারভিউস সুবিধা এ প্রথম এনেছে তা নয়। সার্চ জায়ান্টটির এআই পরিচালিত নোটবুক অ্যাপ নোটবুকএলএমেও ফিচারটি দেখা যায়। ব্যবহারকারী তার ডকুমেন্টস নোটবুকএলএমে আপলোড করলে এআই সে কনটেন্ট পড়ে ও প্রক্রিয়া করে একটি মৌখিক সারাংশ তৈরি করে দিতে পারে। তবে এবার সার্চে সুবিধাটি আরো আধুনিক করা হয়েছে বলে জানিয়েছে গুগল। অডিও চলার সময় চাইলে প্রশ্নও করা যাবে, আবার নির্দিষ্ট কোনো অংশ সম্পর্কে আরো গভীর তথ্য দরকার হলে, সেখানে ‘ডিপ ডাইভ’ অপশন রয়েছে।
গুগল সার্চে ফিচারটি ব্যবহারের জন্য ওয়েবসাইটের গুগল ল্যাবস অংশে গিয়ে এটি আলাদাভাবে চালু করা যাবে।










