সেপ্টেম্বরে উইন্ডোজ ১১-তে করটানার পরিবর্তে কোপাইলট চালু করে মাইক্রোসফট। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এ অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়েছে। খবর গিজমোচায়না।
গুগল প্লে স্টোর থেকে যে কেউ বিনামূল্যে কোপাইলট অ্যাপটি ডাউনলোড করতে পারবে। কোম্পানির এ চ্যাটবটের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী কোড লেখা থেকে শুরু করে বাণিজ্যিক ই-মেইল তৈরিসহ সব ধরনের কাজই করা সম্ভব। এতে ওপেনএআইয়ের সর্বশেষ এআই টুল জিপিটি ৪ ও ডাল-ই-৩ ব্যবহার করা হয়েছে।
এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপটি ডাউনলোড করে ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকার মতো বাধ্যবাধকতাও নেই। এর আগে বিং চ্যাট নামে পরিচিতি পাওয়া কোপাইলট ফিচারটি সেলফোনে চালু করে মাইক্রোসফট। এমনকি ফিচার আনার আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি কোম্পানিটি।
নতুন কোপাইলট অ্যাপটি অ্যান্ড্রয়েড সংস্করণে চালু হয়েছে চলতি মাসের শুরুতে। বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সাইট নিওউইন, যখন ব্যবহারকারীরা ফিচারটি প্লে স্টোরে দেখতে পান।
তবে এখনো আইওএসে আসেনি অ্যাপটি। ফিচারটি কবে নাগাদ আইওএসে আসবে, সে সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেলফোনে মাইক্রোসফটের কোপাইলট ফিচার আনার বিষয়টি যুক্তিসঙ্গত। এর আগে এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ ও উইন্ডোজ ১১-তে ফিচারটি উন্মোচনের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমেও ফিচারটি চালু করেছিল কোম্পানিটি। যার পরিপ্রেক্ষিতে ১০০ কোটি ডিভাইসে এআই সহায়ক ব্যবস্থাটি ব্যবহারের সুযোগ পেয়েছেন ব্যবহারকারীরা। এছাড়া কোপাইলট অ্যাপে কোম্পানির সাম্প্রতিক আপডেট যেমন ভিডিও সংক্ষিপ্ত করা ও গান তৈরির ফিচারও যুক্ত করা হয়েছে।










