উইন্ডোজ ১১ প্রকাশ্যে আনার পর থেকে এতে নতুন সব ফিচার যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। তবে নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি পুরনো ও অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এর অংশ হিসেবে এবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা অপসারণ করেছে মাইক্রোসফট। খবর গিজমোচায়না।
২০১৫ সালে উইন্ডোজের জন্য কর্টানা চালু করে কোম্পানিটি। তবে এর ব্যবহার তেমন একটা হয়নি বললেই চলে। কর্টানা বন্ধের বিষয়টি যে একবারে নতুন তা নয়। জুনে এক ঘোষণায় মাইক্রোসফট কর্টানার সাপোর্ট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছিল। তবে ব্যবহারকারীরা চাইলে অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পরিষেবায় প্রবেশ করতে পারবে। নতুন উদ্যোগের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর জন্য কর্টানা অ্যাপের সাপোর্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। অ্যাপটিতে একটি আপডেট যুক্ত করা হচ্ছে। যেটি ব্যবহারকারীদের আগামী মাস থেকে কাজ না করার বিষয়ে জানাবে।
ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট হিসেবে এলেও কর্টানা সেভাবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায়নি। এছাড়া সিরি, অ্যামাজন অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের
সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। এ কারণে এটি
বন্ধ করে দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার আনতে যাচ্ছে মাইক্রোসফট।










