২০২৪ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে চীনা প্রযুক্তি কোম্পানি লেনোভো। ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২০ শতাংশ। বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) শিল্পে পুনরুদ্ধার এ প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। খবর রয়টার্স।
লেনোভোর মতে, বিশ্বজুড়ে পিসির চাহিদা বাড়ার প্রতিফলন দেখা গেছে কোম্পানির ইতিবাচক ফলাফলে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যানুযায়ী, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে ১ হাজার ৮৮০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পিসি নির্মাতা লেনোভো। অর্থের এ অংক বিশ্লেষকদের ১ হাজার ৭৮২ কোটি ডলারের পূর্বাভাসের চেয়ে বেশি। এছাড়া কোম্পানির নিট মুনাফা ছাড়িয়েছে ৬৯ কোটি ডোলার, যা বাজার বিশ্লেষকদের ৩৬ কোটি ৭৭ লাখ ডলারের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি বলছে, মহামারী-পরবর্তী ধীরগতির পর বিশ্বব্যাপী পিসি বাজারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ২০২৪ সালের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী এ বাজার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। গত বছরজুড়ে বিশ্বে মোট ২৬ কোটি ২৭ লাখ পিসি বিক্রি করা হয়েছে, এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি।
টানা কয়েক প্রান্তিকের মন্দা কাটিয়ে ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি দেখে পিসির বাজার। তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গিয়ে বার্ষিক হিসাবে আবারো বিক্রি কমে যায়। এর আগে দুই বছর টানা সাত প্রান্তিকে বিক্রি নিম্নমুখী ছিল এ বাজারে। তবে প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পারসোনাল কম্পিউটার বা এআই পিসির বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পায়।
প্রকাশিত প্রতিবেদন বলছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সবচেয়ে বড় পিসি বিক্রেতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে লেনোভো। এ সময় কোম্পানিটির বাজার হিস্যা ছিল ২৪ দশমিক ৫ শতাংশ এবং বিক্রি বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
লেনোভো বেশ কয়েক বছর আগে তাদের মূল পিসি ব্যবসা ছাড়াও সফটওয়্যার ও সেবা খাতে বিস্তার ঘটিয়েছে। এছাড়া এআই অ্যাপ্লিকেশনের বাড়তি চাহিদা পূরণের জন্য এআই সার্ভার ও সফটওয়্যার ব্যবসা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিদরা বলছেন, এআই সক্ষম কম্পিউটারগুলোর চাহিদা পিসি শিল্পের প্রবৃদ্ধির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে উদিত হয়েছে। প্রস্তুতকারকরা এআই অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ চিপসহ নতুন মডেল দ্রুত বাজারে আনতে প্রতিযোগিতা করছেন। গত বছর মে মাসে চীনে নিজদের প্রথম এআই পিসি চালু করে লেনোভো। ওই সময় কোম্পানির সিইও ইয়াং ইউয়ানকিং জানান, ২০২৭ সালের মধ্যে তাদের ৮০ শতাংশ কম্পিউটারে থাকবে এ প্রযুক্তি। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারও বলছে, চলতি বছর বিশ্বব্যাপী পিসি বিক্রির ৪৩ শতাংশ দখল করবে এআই চালিত পিসি।
সম্প্রতি লেনোভো ঘোষণা করেছে, তারা চীনা এআই স্টার্টআপ ডিপসিকের প্রযুক্তি তাদের ডিভাইসগুলোয় (পিসি ও ট্যাবলেট) সংযুক্ত করেছে। ডাউনলোড বা রেজিস্ট্রেশন ছাড়াই লেনোভোর এআই সহকারী ‘জিয়াওটেন’-এর মাধ্যমে ডিপসিকের এআই পরিষেবা ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।










