ওপেনএআইয়ের ফ্ল্যাগশিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ২০২৪ সালের শেষার্ধে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালের নভেম্বরে ১০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী থেকে পরের বছর আগস্টে ২০ কোটিতে পৌঁছতে চ্যাটজিপিটির সময় লেগেছিল নয় মাস। কিন্তু নতুন আপডেটের কারণে গত ছয় মাসেরও কম সময় এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রেসেন হরোভিটজ (এসিক্সটিনজেড) প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টেকক্রাঞ্চ।
২০২২ সালের নভেম্বরে একটি গবেষণা পূর্বরূপ হিসেবে প্রকাশের পর পরই চ্যাটজিপিটি মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে ইতিহাসে দ্রুততম অ্যাপে পরিণত হয়।
পরের বছর নভেম্বরের মধ্যে চ্যাটজিপিটি ১০০ মিলিয়ন সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর আরেকটি মাইলফলক অর্জন করে, যা ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে ৩০ কোটি ও সর্বশেষ চলতি বছর ফেব্রুয়ারির মধ্যে ৪০ কোটিতে উন্নীত হয়।
এসিক্সটিনজেড অনুসারে, চ্যাটজিপিটির প্রাথমিক ভোক্তা চাহিদা বাড়ে মূলত নতুনত্বের কারণে। ভোক্তারা অ্যাপটি ব্যবহার করতে আগ্রহী ছিল, কিন্তু এটি কীভাবে তাদের দৈনন্দিন জীবনে মানানসই হবে, সে সম্পর্কে নিশ্চিত ছিল না।
তবে চ্যাটজিপিটির সাম্প্রতিক প্রবৃদ্ধি নতুন মডেল, নতুন ফিচার ও কার্যকারিতার প্রকাশের ফলস্বরূপ। বিশেষ করে মাল্টিমোডাল প্রযুক্তি নিয়ে জিপিটিফোরও আসার পর এটি আরো উন্নত হয়। এ নতুন মডেল আসার পর ২০২৪ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারের হার দ্রুত বেড়ে যায়।
এরপর অ্যাডভান্সড ভয়েস মোড আসার ফলে ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত চ্যাটবটটির ব্যবহার আবার বাড়তে থাকে। প্রতিবেদন বলছে, গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ব্যবহার বাড়ে ওওয়ান মডেল সিরিজের। ফার্মটি উল্লেখ করেছে, স্মার্টফোনে চ্যাটজিপিটির ব্যবহার ধারাবাহিকভাবে বাড়তে থাকে।
গত এক বছরে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ ব্যবহারকারী প্রতি মাসে ৫-১৫ শতাংশ বেড়েছে। চ্যাটজিপিটির মোট ৪০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর মধ্যে সাড়ে ১৭ কোটি এখন মোবাইল ডিভাইসে অ্যাপটি ব্যবহার করছে।
প্রতিবেদনটি চ্যাটবটের বাজারে ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীদের প্রভাবও পরীক্ষা করেছে। চীনা অ্যাপটি উন্মোচনের ১০ দিনের মধ্যে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে পৌঁছায়। ফেব্রুয়ারিতে ডিপসিক মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর ১৫ শতাংশ দখলে নেয়।
মোবাইল ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, ডিপসিক ব্যবহারকারীরা পারপ্লেক্সিটি ও ক্লড ব্যবহারকারীদের তুলনায় বেশি সক্রিয়।
তবে এটি ব্যবহারকারীর সংখ্যা ও ব্যবহারের পরিমাণের দিক থেকে এখনো চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে রয়েছে।










