উইন্ডোজের ই-মেইল অ্যাপ্লিকেশন আউটলুকের নতুন ভার্সন উন্মোচন করেছে মাইক্রোসফট। কোম্পানির অফিশিয়াল স্টোর থেকে ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবে। খবর গিজচায়না।
২০২২ সালের মে মাসে অ্যাপটির পরীক্ষণ কার্যক্রম শুরু হয়। সে সময় এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, অডিয়েন্স বা ব্যবহারকারীদের পরিধি বাড়ানোর জন্য নতুন ভার্সন তৈরি করা হয়েছে। আগে উইন্ডোজ ৩২ বিট অ্যাপ, উইন্ডোজ ১০ সিস্টেমের ওয়েব ভার্সন, মেইল ও ক্যালেন্ডার অ্যাপের জন্য এর ব্যবহার সীমিত ছিল। এখন থেকে একই কোডে ক্রস প্লাটফর্মে অ্যাপ ব্যবহার করা যাবে।
যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তারা বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করতে পারবে, কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। তবে ই-মেইলের সঙ্গে ফাইল পাঠানোর কারণে ওয়ানড্রাইভের স্টোরেজ শেষ হয়ে গেলে সেখানে সাবস্ক্রিপশন করতে হবে। আউটলুক ই-মেইলের নতুন অ্যাপে বেশকিছু ফিচারও রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো সংবেদনশীল বিষয়ের ই-মেইল ব্লক করা। এটি অ্যাপে পপআপ হিসেবে কাজ করবে এবং ব্যবহারকারীকে এসব ই-মেইলের বিষয়ে সতর্ক করবে। বিভিন্ন ব্র্যান্ডের জন্য ফিচারটি সহায়ক হবে। বিশেষ করে যারা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে।
আউটলুকের নতুন অ্যাপে বিল্ট-ইন হেডলাইন, স্টাইল ও তালিকা ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে। ব্যবহারকারীরা হেডিং ১, ২, ৩ ফরম্যাট ব্যবহার করতে পারবে, যা সহজে ই-মেইল সাজাতে ও বুঝতে সহায়ক হবে।










