বিরক্তিকর বা বিব্রতকর কমেন্ট ও স্প্যাম অ্যাকাউন্ট ব্লক করার সুবিধা যেকোনো প্লাটফর্মের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমান এক্স বা সাবেক টুইটারেও এ সুবিধা ছিল। কিন্তু সম্প্রতি দেয়া এক ঘোষণায় প্লাটফর্মটির মালিক ইলোন মাস্ক এ সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, গত বছর অধিগ্রহণের পর এটি আরো একটি বিতর্কিত সিদ্ধান্তের তালিকায় যুক্ত হতে যাচ্ছে। খবর রয়টার্স।
এক্সে থাকা ব্লক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অ্যাকাউন্টের কনটেন্ট দেখা বন্ধ করা, ফলো না করা ও যোগাযোগ বন্ধের সুবিধা দিয়ে থাকে। প্লাটফর্মে দেয়া এক পোস্টে মাস্ক জানান, এক্স থেকে অ্যাকাউন্ট ব্লক করার বিষয়টিকে ফিচার হিসেবে আর রাখা হবে না। তবে সরাসরি মেসেজের ক্ষেত্রে ব্লকিং সুবিধা থাকবে।
তিনি আরো জানান, এক্সে মিউট ফিচার ফিরিয়ে আনা হবে। এটিও নির্ধারিত কোনো অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষিত রাখবে। তবে এখানে যাকে মিউট করা হবে তাকে ব্লক করার মতো জানানো হবে না।










