টেক জায়ান্ট হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে বিশেষভাবে চীনের গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার তৈরি করছে স্যামসাং। খবর টেকটাইমস।
প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনে খুব বেশি সুবিধা করতে পারছে না স্যামসাং। প্রতিষ্ঠানটির স্মার্টফোনের বাজার হিস্যা এক শতাংশেরও কম, যেখানে বাজারে হুয়াওয়ের মতো স্থানীয় কোম্পানিগুলোর আধিপত্য রয়েছে। স্যামসাংয়ের এ সীমিত সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে চীনে নিজেদের প্রযুক্তিগত কৌশল পরিবর্তনের চেষ্টা করছে।
স্যামসাংয়ের মোবাইল ডিভিশনের সিইও টিএম রোহ জানান, চীনে স্যামসাংয়ের এআই ফিচার গ্যালাক্সি এআই বিকাশের বিষয়টি স্থানীয় ইন্টারনেট এবং প্রযুক্তি সংস্থাগুলোর সহযোগিতার ওপর নির্ভর করবে। গ্যালাক্সি এআই সম্পর্কে এর বেশি কোনো তথ্য দেননি তিনি।
ফ্রান্সের প্যারিসে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এবার পরবর্তী প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডসিক্স, গ্যালাক্সি জেড ফ্লিপসিক্স ফোন উন্মোচন করা হয়। স্যামসাং জানায়, ফোনগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর প্রযুক্তি আরো উন্নত করা হয়েছে। দুটি ফোনেই স্যামসাংয়ের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্যালাক্সি এআই যুক্ত করা হয়েছে।
এর আগে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে ২০১৯ সাল থেকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এরই সঙ্গে মহামারী-পরবর্তী সরবরাহ সংকট ও মূল্যস্ফীতির কারণে স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিম্নমুখী ছিল। তবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করে শীর্ষস্থান অর্জন করেছে হুয়াওয়ে। জেফরিজের তথ্যানুযায়ী, ২০২৪ সালে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৬ কোটি ৪০ লাখ ইউনিট ছাড়াবে। সে অনুযায়ী গত বছরের তুলনায় এবার কোম্পানিটির বিক্রি উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে যাচ্ছে।










