চীনের বাজারে দ্বিতীয় প্রজন্মের ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন ‘মিক্স ফ্লিপ ২’ উন্মোচন করেছে শাওমি। গত সপ্তাহে উন্মোচিত ফোনটি উন্নত কার্যক্ষমতা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, আরো ডিসপ্লে ও নতুন ডিজাইন নিয়ে এসেছে বলে দাবি চীনা প্রযুক্তি জায়ান্টটির। ফোল্ডেবল ফোন ক্যাটাগরিতে এটি প্রথম মডেল, যেখানে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) বেশি সক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। খবর গিজমোচায়না।

শাওমির তথ্যানুযায়ী, ফোনটিতে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। দীর্ঘক্ষণ ব্যবহারে ফোন যেন অতিরিক্ত গরম না হয়, সেজন্য এতে রয়েছে ডুয়াল ভেপার চেম্বার কুলিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস২।

ডিসপ্লের দিক থেকেও বড় পরিবর্তন এনেছে শাওমি। বাইরের স্ক্রিনটি ৪ দশমিক ০১ ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩২০০ নিটস। এতে মেসেজিং, ম্যাপস ও ভিডিও স্ট্রিমিংসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। ভেতরের স্ক্রিনে রয়েছে ১ দশমিক ৫কে রেজল্যুশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও চোখের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা।

ক্যামেরায়ও বড় পরিবর্তন এনেছে শাওমি। ফোনটির পেছনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেলের লাইকা-টিউনড ক্যামেরা। মূল সেন্সর লাইট হান্টার ৮০০, যার সঙ্গে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এছাড়া আছে আরেকটি ১১৫ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে সামনে।

শাওমির দাবি, সাধারণ ব্যবহারে ফোনটির ব্যাটারি আইফোন ১৬ প্রো-র তুলনায় প্রায় অর্ধদিন বেশি ব্যাকআপ দেবে।

চীনে ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ৮৩৫ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ টাকার বেশি) থেকে। সঙ্গে এসেছে ‘মিক্স ফ্লিপ ২ পকেট ফটো কিট’ নামের একটি আলাদা অ্যাকসেসরি, যা দিয়ে তাৎক্ষণিক ছবি প্রিন্ট করা যাবে। আন্তর্জাতিক বাজারে ফোনটির উন্মোচন সম্পর্কে এখনো কিছু জানায়নি শাওমি।