এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে তাদের জন্য বিজ্ঞাপন দেখাবে মেটা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠানটি সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে কথোপকথনও পারসোনালাইজড বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হবে। ব্যবহারকারীরা আগামী সপ্তাহ থেকে এ-সংক্রান্ত নোটিস পাবেন। খবর সিএনএন।
বর্তমানে মেটা প্লাটফর্ম ব্যবহারকারীদের পোস্ট, ক্লিক ও বন্ধুদের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। তবে নতুন পদক্ষেপের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ মেটার অন্যান্য প্লাটফর্মে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।
কোম্পানির ব্লগপোস্টে বলা হয়েছে, অন্যান্য লক্ষ্যভিত্তিক বা টার্গেটেড সেবার মতো, ব্যবহারকারীর কার্যকলাপের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন ও কনটেন্ট সাজানো হবে। এখন থেকে এআইয়ের সঙ্গে কথোপকথনও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার একটি সংকেত হিসেবে ব্যবহার হবে।
কোম্পানির দাবি, বর্তমানে মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে। শুধু গত প্রান্তিকে বিজ্ঞাপন থেকে মেটার আয় হয়েছে ৪৬ দশমিক ৫ বিলিয়ন বা ৪ হাজার ৬৫০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। অক্টোবরের শুরুতে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১ লাখ ৮০ হাজার কোটি ডলারে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে অনেকে অনলাইন কেনাকাটার জন্য গুগল সার্চ বা সোশ্যাল মিডিয়া স্ক্রলের বদলে এআই চ্যাটবট ব্যবহার করবেন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই চ্যাটজিপিটি অ্যাপে নির্দিষ্ট কিছু পণ্য কেনার সুবিধা চালু করেছে।
তবে মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ‘অ্যাড প্রেফারেন্সেস’ টুল ব্যবহার করে বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মতামত, স্বাস্থ্য, জাতিগত পরিচয় বা শ্রমিক ইউনিয়ন-সংক্রান্ত সংবেদনশীল কথোপকথন বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হবে না।
আগেও ব্যবহারকারীরা ‘ডিসকভার’ ফিডে অজান্তে ব্যক্তিগত চ্যাট প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েছিল মেটা। পরে সতর্কবার্তা যোগ করা হয় এবং গত সপ্তাহে সে ফিডের পরিবর্তে ‘ভাইবস’ নামে নতুন ফিড চালু হয়, যেখানে এআই তৈরি ভিডিও দেখা যায়। মেটা বলছে, কেউ যদি এ ফিডে পোষা প্রাণী সম্পর্কিত ভিডিও বেশি দেখেন, ইনস্টাগ্রামে তাকে কুকুর-বিড়ালবিষয়ক বিজ্ঞাপন দেখাবে।










