সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস বিশ্বের সব যোগ্য বিজ্ঞাপনদাতার জন্য উন্মুক্ত করবে মেটা। গত বুধবার এমন ঘোষণা দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। মূলত বাণিজ্য শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে কোম্পানিটির নতুন আয়ের উৎস তৈরি করতে চাইছে বলে জানিয়েছে থ্রেডস সংশ্লিষ্টরা। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

২০২৩ সালের জুলাইয়ে এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে চালু হয় থ্রেডস। ইলোন মাস্কের মালিকানা গ্রহণের সময়ের বিশৃঙ্খলার মধ্যে এটি দ্রুত ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিশ্বের বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম মেটার আয়ের বেশির ভাগই আসে বিজ্ঞাপন থেকে। এ আয় দিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিনিয়োগ করছে তারা। যাতে উদীয়মান জেনারেটিভ এআই প্রযুক্তিতে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা করতে পারে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ বিজ্ঞাপন আয়ের জন্য হুমকি তৈরি করছে। কারণ বিজ্ঞাপনদাতারা স্থিতিশীলতা না পেলে পূর্ণ বাজেট বরাদ্দ দিতে চাইছে না। তা সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন গুগল ও মেটা এমন দুটি প্রতিষ্ঠান, যাদের বিজ্ঞাপন খরচ কাটছাঁটের মুখে পড়বে সবার শেষে।

বিশ্লেষক সংস্থা মোফেটনাথানসন গত সপ্তাহে সতর্ক করে জানিয়েছে, চীনা ই-রিটেইলাররা যদি বিজ্ঞাপন ব্যয় কমিয়ে দেয়, তবে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে মেটার অনলাইন বিজ্ঞাপন ব্যবসা চলতি বছর প্রায় ৭০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞাকে ঘিরে অনিশ্চয়তা বিজ্ঞাপনদাতাদের মেটার প্রতি নির্ভরশীলতা আরো জোরদার করতে পারে। অন্যদিকে থ্রেডসের মাসিক ব্যবহারকারীর সংখ্যাও ৩২ কোটি ছাড়িয়েছে।

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও জাপানে চলতি বছরের শুরুর দিকে কিছু নির্বাচিত ব্র্যান্ডের সঙ্গে পরীক্ষামূলকভাবে থ্রেডসে বিজ্ঞাপন চালু করেছিল মেটা। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত বাজারে বিজ্ঞাপন চালু করা হবে এবং পরে অন্যান্য বাজারেও তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, মেটা ৩০ এপ্রিল প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে।