কম্পিউটার মেমোরি কোম্পানি নেটলিস্টের পেটেন্ট মামলায় ক্ষতিপূরণ হিসেবে স্যামসাং ইলেকট্রনিকসকে দিতে হচ্ছে ১১ কোটি ৮০ লাখ ডলার। উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন মেমোরি পণ্যে ডাটা প্রসেসিং বাড়াতে নেটলিস্টের পেটেন্ট প্রযুক্তি ব্যবহার করার জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানিটিকে শুক্রবার অর্থদণ্ড দিয়েছেন টেক্সাসের ফেডারেল জুরি। খবর রয়টার্স।

২০২২ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট মামলা করে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি নেটলিস্ট। তাদের দাবি, ক্লাউড কম্পিউটিং সার্ভার ও অন্যান্য ডাটা ইনটেনসিভ প্রযুক্তিতে স্যামসাংয়ের যে মেমোরি মডিউল ব্যবহার করা হয়েছে তা নেটলিস্ট থেকে অনুমতি নেয়া হয়নি।

নেটলিস্টের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের উদ্ভাবনের মাধ্যমে মেমোরি মডিউলগুলো কম শক্তি ব্যবহার এবং বিপুল পরিমাণ ডাটা দ্রুত প্রক্রিয়া করতে সহায়তা করে। এতে ব্যবহারকারী আরো দ্রুত কার্যকর ফল পেয়ে থাকে। স্যামসাং এ দাবি অস্বীকার করে বলেছে, নেটলিস্টের পেটেন্ট মামলা আইনত বৈধ নয়। তাছাড়া তাদের প্রযুক্তি নেটলিস্টের উদ্ভাবন থেকে আলাদাভাবে কাজ করে। স্যামসাং ডেলাওয়্যার ফেডারেল আদালতে নেটলিস্টের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, নেটলিস্ট আন্তর্জাতিক মান পূরণে প্রয়োজনীয় প্রযুক্তির জন্য ন্যায্যভাবে লাইসেন্স দিতে ব্যর্থ হয়েছে।

গত শুক্রবারের রায় সম্পর্কে স্যামসাং ও নেটলিস্টের মুখপাত্রদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। জুরি মনে করছে, স্যামসাংয়ের লঙ্ঘন ইচ্ছাকৃত ছিল। এতে বিচারক ক্ষতিপূরণ তিন গুণ পর্যন্ত বাড়তে পারেন।

গত বছর একই ধরনের নেটলিস্টের মামলায় স্যামসাংকে ৩০ কোটি ৩০ লাখ ডলারের অর্থদণ্ড দেয়া হয়। পৃথক একই ধরনের কিছু পেটেন্ট মামলায় গত মে মাসে চিপ নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রনের কাছ থেকে ৪৪ কোটি ৫০ লাখ ডলার পায় নেটলিস্ট।