উইন্ডোজ ১১সহ অন্যান্য ভার্সন ব্যবহারকারী ডিভাইসের জন্য থার্ড পার্টি প্রিন্টার ড্রাইভার সাপোর্ট বন্ধ করছে মাইক্রোসফট। সম্প্রতি নতুন একটি নথির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর টেকরাডার।
আর্টিকেলের তথ্যানুযায়ী, উইন্ডোজ ১০ টু১এইচ২ ভার্সনের সঙ্গে প্রযোজ্য আইপিপি ক্লাস ড্রাইভার ও মপ্রিয়া কমপ্লায়েন্ট প্রিন্ট ডিভাইসের জন্য সহায়তা দেবে কোম্পানিটি। উৎপাদনকারী নির্মিত ড্রাইভারের পরিবর্তে এ পদ্ধতিতে আপডেট দেয়া হবে বলে জানা গেছে। এর মানে হচ্ছে প্রিন্টার উৎপাদনকারীদের এখন থেকে আলাদা ড্রাইভার সরবরাহ করতে হবে না।
ভোক্তা পর্যায়ে উৎপাদনকারীরা মাইক্রোসফট স্টোর অ্যাপের মাধ্যমে প্রিন্ট কাস্টমাইজেশন সুবিধা দিতে পারবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে (এফএকিউ) যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি জানায়, হার্ডওয়্যার ল্যাব কিটের জন্য মপ্রিয়া সার্টিফিকেশন থাকা বাধ্যতামূলক। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইসে যেন প্রিন্টার ব্যবহার করা যায় সেটি নিশ্চিতেই এ সার্টিফিকেশন প্রয়োজন।
পর্যায়ক্রমে থার্ড পার্টি ড্রাইভারের ভার্সন ৩ ও ৪-এর সাপোর্ট সুবিধা বন্ধ করে দেয়া হবে বলেও মাইক্রোসফট সূত্রে জানা গেছে। এটি সম্পাদনে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।










