ফেসবুক ও মেসেঞ্জারের সব ব্যক্তিগত কথোপকথন ও কলের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার আনছে মেটা। সবার জন্য ফিচারটি নিশ্চিত করার পর তাৎক্ষণিকভাবে এটি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনে আপডেটেড হওয়ার সামগ্রিকভাবে মেসেঞ্জার অ্যাকাউন্টগুলোর সময় লাগবে। মেসেঞ্জারে আগে থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা ছিল। এর মাধ্যমে শুধু প্রেরক ও প্রাপক কথা বলতে পারত। মেটার তথ্যানুযায়ী, নতুন পরিবর্তনের কারণে প্রথম থেকেই এনক্রিপশন সুবিধা ব্যবহার করা যাবে।
মেটা মালিকানাধীন আরেকটি প্লাটফর্ম হোয়াটসঅ্যাপেও মেসেজিংয়ের জন্য এনক্রিপশন সুবিধা আছে। এ নিরাপত্তা ব্যবস্থাটি ব্যবহারকারীদের হ্যাকার, প্রতারণাকারী ও অপরাধীদের কাছ থেকে সুরক্ষিত রাখে।
ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও বিভিন্ন দেশের সরকার ও কোম্পানির মধ্যে এটি বিতর্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে এ ফিচার চালু না করার আহ্বান জানিয়েছে। মূলত প্লাটফর্মগুলোয় শিশু-কিশোরদের হয়রানি বন্ধের উদ্যোগ কার্যকর করতেই এ আহ্বান জানানো হয়।










