মাসিক ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। সম্প্রতি নিজের টেলিগ্রাম চ্যানেলে এ খবর জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরোভ। দ্য বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, এ সাফল্যের ঘোষণা দেয়ার পাশাপাশি সরাসরি আক্রমণও করেছেন নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হোয়াটসঅ্যাপকে। মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০০ কোটির বেশি।

টেলিগ্রাম পোস্টে পাভেল দুরোভ লিখেছেন, ‘আমাদের সামনে রয়েছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের সস্তা ও নকল সংস্করণ। বছরের পর বছর ধরে তারা আমাদের উদ্ভাবনগুলো হুবহু নকল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে, পাশাপাশি আমাদের অগ্রযাত্রা ঠেকাতে লবিং ও জনসংযোগ প্রচারণায় বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। টেলিগ্রাম এগিয়েছে, লাভজনক হয়েছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বীর মতো নয়, স্বাধীনতা বজায় রেখেছে।’

তিনি আরো উল্লেখ করেন, ২০২৪ সালে টেলিগ্রাম ৫ কোটি ৪৭ লাখ ডলার মুনাফা অর্জন করেছে।

কয়েক মাস ফ্রান্সে কারাগারে আটক থাকার পর ছাড়া পেয়েই এমন মন্তব্য করলেন টেলিগ্রাম সিইও। এর আগে গত বছরের আগস্টে প্যারিসে গেলে তাকে আটক করে ফরাসি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে টেলিগ্রামের মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নের উপকরণ ও মাদক চোরাচালানে সহযোগিতা" করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ ওঠে। তবে দুরোভ এসব অভিযোগ অস্বীকার করেছেন। কয়েক মাস আটক থাকার পর তিনি ৫ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে মুচলেকা দিয়ে জামিন নেন।

২০১৩ সালে পাভেল ও নিকোলাই দুরোভ ভ্রাতৃদ্বয় প্রতিষ্ঠিত টেলিগ্রাম নিজেকে মূলধারার মেসেজিং অ্যাপগুলোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা ব্যবহারকারীদের গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অ্যাপটিতে ভিডিও কল ও সিক্রেট চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে, যা বিশেষ করে বাকস্বাধীনতা সীমিত এমন দেশগুলোয় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

দুরোভের গ্রেফতারের পর টেলিগ্রাম বেশ কয়েকটি বড় নীতিগত পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনে যোগদান। ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন হলো এমন একটি সংস্থা, যারা ইন্টারনেটে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপকরণ চিহ্নিত ও অপসারণে সহায়তা করে। এছাড়া আইনি বাধ্যবাধকতার মুখে পড়লে অপরাধীদের আইপি ঠিকানা, ফোন নম্বর ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে শেয়ার করার বিষয়ে সম্মতি দিয়েছে তারা।