যুক্তরাজ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন পরিষেবা চালু করয়তে যাচ্ছে মেটা প্ল্যাটফর্মস। নতুন এ পদক্ষেপে ব্যবহারকারীরা মাসিক ফি দিয়ে এসব প্ল্যাটফর্ম বিজ্ঞাপনবিহীনভাবে ব্যবহার করতে পারবেন। খবর রয়টার্স।

নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য নির্ধারণ করা হয়েছে ওয়েব ব্যবহারকারীদের জন্য মাসে ২ দশমিক ৯৯ পাউন্ড (প্রায় ৩ দশমিক ৯৯ ডলার) এবং আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ৩ দশমিক ৯৯ পাউন্ড। এটি মেটার ইউরোপীয় ইউনিয়নে আগে চালু করা বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন প্রস্তাবনার মতোই। ইউরোপীয় তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার চাপ এবং ব্যক্তিগত তথ্য ব্যবহারের নিয়মাবলী মেনে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

মেটা জানিয়েছে, যারা সাবস্ক্রিপশন প্ল্যান গ্রহণ করবেন, তারা বিজ্ঞাপন দেখবেন না এবং তাদের তথ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। মেটা বলেছে, এর মাধ্যমে তারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রেখে বিনামূল্যে পরিষেবা দেয়ার ক্ষমতা রাখতে পারবে।

বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যক্তিগত ডেটা ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের ব্যবহার নিয়ে নিয়ন্ত্রকদের চাপ বাড়ছে। সেই সঙ্গে অ্যাপল ও গুগলও তাদের পরিষেবা এবং বিজ্ঞাপন নীতি পরিবর্তন করেছে। এ ধারা মেটার জন্যও প্রযোজ্য, কারণ কোম্পানির আয়ের প্রায় ৯৮ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে। তাই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির মধ্যে সমন্বয় মেটার জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন চালু করা মেটার জন্য ব্যবহারকারীদের আরো বেশি পছন্দের সুযোগ দেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক দিকনির্দেশনা মেনে চলার একটি পদক্ষেপ। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরো নিয়ন্ত্রিত এবং ব্যক্তিগত করবে।