ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর তথ্য গোপনীয়তাসংক্রান্ত বিধি ভঙ্গ করার অভিযোগে মাইক্রোসফটের পেশাদার নেটওয়ার্কিং সাইট লিংকডইনকে ৩১ কোটি ইউরো (প্রায় ৩৫ কোটি ডলার) জরিমানা করেছে ব্লকের প্রধান প্রাইভেসি নিয়ন্ত্রক আইরিশ ডাটা প্রটেকশন কমিশনার (ডিপিসি)। লিংকডইনের বিরুদ্ধে বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের অভিযোগ রয়েছে। খবর রয়টার্স।
ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘যথাযথ আইনি কারণ ছাড়াই ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ ডাটা সুরক্ষার মৌলিক অধিকারের একটি স্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন।’ ডিপিসির তথ্যানুযায়ী, অনলাইন বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করার কোনো আইনি কারণ নেই লিংকডইনের। এটি ইইউর জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) ভঙ্গ করে। নিয়ন্ত্রক লিংকডইনকে এসব নিয়ম অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছে।










