স্মার্টফোনে ব্যবহৃত ক্যামেরার লেন্সের সংখ্যা কমছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী স্মার্টফোনে গড়ে লেন্স ব্যবহার হয়েছে ৩ দশমিক ১৯টি, যা ২০২৪ সালের একই সময় ছিল ৩ দশমিক ৩৭টি। যেহেতু অধিকাংশ স্মার্টফোনে একক ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়, তাই লেন্স কমে যাওয়া মূলত রিয়ার ক্যামেরার (পেছনের ক্যামেরা) সংখ্যা কমার কারণে ঘটেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে স্মার্টফোনে গড়ে ২ দশমিক ১৮টি রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে, যা গত বছরের একই সময় ছিল ২ দশমিক ৩৭টি। ২০২১ সাল থেকে রিয়ার ক্যামেরার সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ২০২১ সালের প্রথম তিন মাসে গড় রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ছিল ২ দশমিক ৮৯টি এবং তার পর থেকে এটি টানা ১৩ প্রান্তিক ধরে কমে আসছে।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ২১ শতাংশ ফোনে শুধু একটি ব্যাক ক্যামেরা ছিল। এর মধ্যে আছে আইফোন ১৬ই ও গ্যালাক্সি এস২৫ এজের নতুন মডেলগুলো।

ওমডিয়ার সিনিয়র রিসার্চ ম্যানেজার জুসি হং বলেন, ‘ক্যামেরার লেন্সের সংখ্যা কমানোর ফলে শুধু খরচই কমে না, বরং বড় ব্যাটারি রাখার জন্য স্থানও পাওয়া যায়। এআই-ভিত্তিক ফটোগ্রাফি বিকাশের সঙ্গে সঙ্গে লেন্সের সংখ্যা আরো কমতে থাকবে।’