হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বার্তা নিয়ন্ত্রণের জন্য প্রায়ই মিউট ও আর্কাইভ ফিচার ব্যবহার করেন। তবে আইকন দুটির কার্যকর সুবিধা ভিন্ন। মিউট করলে কোনো বার্তার নোটিফিকেশন আসে না। আর আর্কাইভ করলে চ্যাট তালিকা থেকে সরিয়ে আলাদা একটি সেকশনে চলে যায়। অনেক ব্যবহারকারীর কাছে এ দুই ফিচারের পার্থক্য পরিষ্কার না হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। খবর গাইডিং টেক।

মিউট করলে নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ থেকে নতুন বার্তা এলে নোটিফিকেশন পাওয়া যায় না। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো আলাপচারিতা ৮ ঘণ্টা, এক সপ্তাহ বা স্থায়ীভাবে মিউট করতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইনবক্সে নাম চেপে ধরে মিউট করতে পারবেন। আবার একাধিক চ্যাট একসঙ্গে মিউট করার সুযোগও রয়েছে। অন্যদিকে, আইফোনে মিউট করার জন্য কোনো চ্যাট বাম দিকে সোয়াইপ করে মোর অপশনে গিয়ে মিউট বেছে নিতে হয়। তবে মিউট অবস্থায় কোনো গ্রুপ থেকে তখনই নোটিফিকেশন আসে, যখন কাউকে সরাসরি মেনশন করা হয়। একই প্রক্রিয়ায় ব্যবহারকারীরা চাইলে সহজেই আনমিউট করতে পারবেন।

আর্কাইভ করলে কোনো আলাপচারিতা চ্যাট তালিকা থেকে সরে আর্কাইভ সেকশনে জমা হয়। অ্যান্ড্রয়েডে এর জন্য কোনো চ্যাট চেপে ধরে আর্কাইভ আইকনে চাপ দিতে হয়। আর আইফোনে চ্যাট বাম দিকে সোয়াইপ করে আর্কাইভ অপশন নির্বাচন করতে হয়। ডিফল্টভাবে আর্কাইভ হওয়া চ্যাট থেকে নতুন বার্তা এলে তা নোটিফিকেশনে না এসে আর্কাইভ তালিকায় চলে যায়। তবে চাইলে ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে ‘কিপ চ্যাটস আর্কাইভড’ অপশন বন্ধ করে এ নিয়ম পরিবর্তন করতে পারবেন।

অর্থাৎ মিউট বা আর্কাইভ— যেই আইকনই ব্যবহার করা হোক না কেন, এতে কারো কাছ থেকে কল এলে স্বাভাবিকভাবেই রিং বাজবে। এক্ষেত্রে যাকে মিউট বা আর্কাইভ করা হয়েছে, তাকে কোনো নোটিফিকেশন পাঠানো হয় না।